ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিয়েছেন এম মনজুর আলম।
রোববার সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করান।
এ সময় স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিলো।
শপথ অনুষ্ঠান শেষে বেরিয়ে মনজুর আলম সাংবাদিকদের বলেন, "মেয়র নির্বচিত করায় আমি চট্টগ্রামবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
তিনি জানান, জলাবদ্ধতা নিরসনসহ বন্দরনগরীর উন্নয়নে মেয়র নির্বাচনে যেসব অঙ্গীকার করেছেন তা পূরণে সরকারের সহযোগিতা চেয়েছেন।
নতুন মেয়র বলেন, "আমি আশা করছি, চট্টগ্রামের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা করবেন।"
দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করাবেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত ৪১ জন ওয়ার্ড কাউন্সিলর ও ১৪ জন মহিলা কাউন্সিলর শনিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
গত ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত এম মনজুর আলম আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে মেয়র নির্বাচিত হন।
মনজুর আলম রোববার বিকালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করার কর্মসূচি রয়েছে নতুন মেয়রের।
চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিতদের দুপুরে শপথ অনুষ্ঠানের পর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার কর্মসূচি রয়েছে।
চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র মনজুর আলমসহ কাউন্সিলররা চট্টগ্রাম থেকে শনিবার রাতে ঢাকায় পৌঁছান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এজে/১১১৩ ঘ.
bdnews24