কুষ্টিয়া, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এনামুল ইসলাম ওরফে এনা (৪০) নামের এক চরমপন্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার স্বীকারোক্তি অনুযায়ী একটি এলজি, চার রাউন্ড গুলি ও চারটি ককটেল উদ্ধার করা হয়।
এনামুল চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল জনযুদ্ধের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
মিরপুর থানার ওসি মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিরপুরের আমলা ইউনিয়নের নিমতলা গ্রামের মাদ্রাসা মাঠে এক দল চরমপন্থীর গোপন বৈঠক করার খবর পেয়ে শুক্রবার রাত ১২টার দিকে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য চরমপন্থীরা পালিয়ে যেতে পারলেও এনামুল পুলিশের হাতে ধরা পড়ে।"
তিনি জানান, তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে এনামুলের দেওয়া তথ্যানুযায়ী পাশ্ববর্তী রাধানগর গ্রামের একটি বাড়িতে তল্লাশী চালিয়ে খড়ের গাদা থেকে একটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করা হয়।
ওসি মেহেদী হাসান জানান, এনামুলের বিরুদ্ধে কুষ্টিয়ার মিরপুর ও দৌলতপুর থানায় হত্যা, চাঁদাবাজি, অপহরণসহ ১২টি মামলা রয়েছে। শনিবার দুপুরে মিরপুর থানায় তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়।
এনামুল ইসলামের বাড়ি মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের মোসাইনগর গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৬৫২ ঘ.
bdnews24