ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুলবাড়ি চুক্তিসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ অক্টোবর দিনাজপুরের ফুলবাড়ি-বড়পুকুরিয়া অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
শনিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এ কর্মসূচি ঘোষণা করেন।
লং মার্চ কর্মসূচি সফল করার জন্য সারাদেশে জনমত গড়ে তুলতে ২৩ জুলাই থেকে তিন মাসের কর্মসূচিও ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে আছে, ২৩ জুলাই থেকে ৪ সেপ্টেম্বর জেলা পর্যায়ে সভা-সমাবেশ, ৩ আগস্ট ঢাকায় জাতীয় সেমিনার, ২৬ আগস্ট ফুলবাড়ি দিবস পালন, ৩০ আগস্ট ফুলবাড়ি চুক্তি বাস্তবায়নে দেশব্যাপী সমাবেশ, ২০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় এবং ২৪ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ঢাকাসহ সারাদেশ থেকে ফুলবাড়ি-বড়পুকুরিয়া অভিমুখে লংমার্চ।
রাজধানী পুরানা পল্টনে মুক্তি ভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
সংগঠনের প্রধান শেখ শহীদুল্লাহ তেল-গ্যাস-খনিজ সম্পদ বিদেশী কোম্পানির হাতে তুলে দেওয়ার সরকারি নীতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, "কৃষি-পাট খাত ও যুদ্ধাপরাধীর বিষয়ে সরকারের সাফল্য রয়েছে, ভালো কাজ করছে। কিন্তু জ্বালানি খাতে তাদের কর্মকান্ড জাতীয় স্বার্থ বিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে। তাদের ওইসব ক্ষেত্রে ক্রিমিন্যাল কাজ করছে।"
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "সময় দিয়ে লং মার্চের কর্মসূচি সরকারের জন্য একটি সর্তক হুশিয়ারি। এ সময়ের মধ্যে তাদের শুভ বুদ্ধির উদয় হবে।"
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ৭ দফা দাবির মধ্যে রয়েছে, খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন পাস, রপ্তানিমুখী মডেল পিএসসি-২০০৮ বাতিল, কয়লা উত্তোলনের উন্মুক্ত খনন পদ্ধতি নিষিদ্ধ করা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতির আবদুস সালাম, সিপিবি'র রুহিন হোসেন প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকমল হোসেন, ওয়ার্কার্স পার্টির আবদুস সাত্তারসহ বিভিন্ন বাম সংগঠনের নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৬০৯ ঘ.
bdnews24