২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুলবুল আহমেদের প্রতি শেষ শ্রদ্ধা

অভিনেতা বুলবুল আহমেদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পী-কলা কুশলীসহ সর্বস্তরের মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2010, 10:03 AM

Updated : 25 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিনেতা বুলবুল আহমেদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পী-কলা কুশলীসহ সর্বস্তরের মানুষ। শুক্রবার তার মরদেহ স্কয়ার হাসপাতাল থেকে প্রথমে গুলশানের নিকেতনের বাসা, পরে রামপুরা টেলিভিশন ভবন ও এফডিসিতে নিয়ে যাওয়া হয়। সেখানে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। গুলশানের আজাদ মসজিদে, রামপুরা টিভি ভবন চত্বরে ও এফডিসিতে বুলবুল আহমেদের তিন দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে তার আত্মীয় স্বজন, শুভাকাঙ্খী, বন্ধু-বান্ধব, টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পী-কলাকুশলীরা অংশ নেন। গুলশানের আজাদ মসজিদে বাদ জুমা প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে গুলশানের নিকেতনের বাসায় নিয়ে আসা হয়। তিন দফা নামাজে জানাজা শেষে বিকাল সাড়ে ৩টার দিকে তার মরদেহ দাফনের জন্য আজিমপুর কবরস্থানে নেওয়া হয়। সেখানে মরহুমের বাবা-মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বুলবুল আহমেদ (৭০) মারা যান। শুক্রবার সকালে বুলবুল আহমদের প্রবাসী মেয়ে ও ছেলে দেশে পৌঁছান বলে জানান পরিবারের সদস্যরা। বুলবুলের স্ত্রী ডেইজী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার বাদ আসর বুলবুল আহমেদের দাফন হবে আজিমপুরে তার বাবা-মায়ের কবরের পাশে।" পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে গুলশানের নিকেতনের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুলবুল আহমেদ দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং বহুমূত্ররোগসহ নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি স্ত্রী ডেইজী আহমেদ, দুই মেয়ে ঐন্দ্রিলা ও তিলোত্তমা, ছেলে শুভ এবং অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন। সত্তর ও আশির দশকে আলমগীর কবিরের সূর্যকন্যা, সীমানা পেরিয়ে ও মহানায়ক ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে সবার মনোযোগ কাড়েন বুলবুল আহমেদ। তিনি সবচেয়ে জনপ্রিয় হন চাষী নজরুল ইসলাম পরিচালিত দেবদাস চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে। অভিনয় জীবনে বুলবুল আহমেদ চার বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন ধারাবাহিক নাটক এইসব দিনরাত্রিতে অভিনয় তাকে দর্শকের কাছে আরও পরিচিত করে তোলে। এছাড়া বিভিন্ন বিজ্ঞাপন চিত্রেও কাজ করেন তিনি। বুলবুল আহমেদ ১৯৭৩ সালে চলচ্চিত্রে কাজ শুরু করেন 'ইয়ে করে বিয়ে' ছবিটির মধ্য দিয়ে। এ ছবিতে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। পরবর্তীতে তার প্রযোজিত প্রথম ছবি 'জীবন নিয়ে জুয়া'র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন এই শিল্পী। এরপর তিনি 'সীমানা পেরিয়ে', 'রুপালী সৈকতে', 'দেবদাস', 'মহানায়ক', 'শুভদা' প্রভৃতি ছবিতে অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি বুলবুল আহমেদ চারটি চলচ্চিত্র পরিচালনাও করেছেন। তার পরিচালিত চলচ্চিত্রগুলো হলো 'রাজলক্ষী শ্রীকান্ত, 'আর্কষণ', 'গরম হাওয়া' এবং 'কত যে আপন'। তিনি অসংখ্য টিভি নাটকেও অভিনয় করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৫৫৩ ঘ.