রংপুর, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরো সাড়ে ২৮ লাখ টাকা জব্দ করেছে রংপুর পুলিশ।
বুধবার রংপুর শহরতলীর সিও বাজার এলাকার জনতা ব্যাংক রংপুর শাখায় গ্রেপ্তারকৃত সফিয়ার রহমানের হিসাব থেকে এই টাকা জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ নিয়ে গত দুদিনে সফিয়ারের তিনটি ব্যাংক হিসাব থেকে এক কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হলো।
মঙ্গলবার প্রাইম ব্যাংক রংপুর শাখার সফিয়ারের নিজের নামের এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠান শিহাব এন্টারপ্রাইজের হিসাব থেকে ৯৫ লাখ টাকা জব্দ করা হয়। এসব টাকা ফাঁস করা প্রশ্নপত্র বিক্রির টাকা বলে মামলা তদন্ত কর্মকর্তা জানান।
গত সোমবার দুপুরে রাজধানীর সরকারি ছাপাখানা বিজি প্রেস থেকে ২৮ লাখ টাকাসহ প্রেসের ফর্মা প্র"ফ প্রেসম্যান আব্দুল জলিলকে (৪০) গ্রেপ্তার করা হয়।
এদিকে, সফিয়ারকে হেফাজতে রেখে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গত বৃহস্পতিবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার একটি পর্যটন কেন্দ্র থেকে ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে ২৬ জন মহিলা পরীক্ষার্থী আদালতে জামিন আবেদন করলে তা নাকচ করা হয়।
বুধবার রংপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম রেজাউল হকের আদালতে তাদের জামিনের আবেদন করা হয়।
প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে রংপুর জেলা পরিষদের মাস্টার রোলে কর্মরত পিয়ন আমজাদ হোসেনকে চাকরিচ্যুত এবং একই অফিসের কেরানি আলাউদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী হাসান আহাম্মেদ বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ দু'জন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, সফিয়ার রহমানের রংপুরের প্রাইম ব্যাংকে তার নামে একটি, শিহাব এন্টারপ্রাইজ নামে একটি এবং শহরতলীর সিও বাজার এলাকায় জনতা ব্যাংক শাখায় আরো একটি একাউন্টের সব টাকা জব্দ করা হয়েছে।
এই তিনটি হিসাব জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।
পুলিশ কর্মকর্তা মান্নান জানান, সফিয়ার গ্রেপ্তার করা বিজি প্রেসের কর্মচারী মোস্তফার বন্ধু। রংপুর শহরের সিও বাজারে শিহাব এন্টারপ্রাইজ নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তবে তিনি কি ব্যবসা করেন সেটা কেউ জানাতে পারেনি।
তিনি জানান, ভিন্নজগৎ থেকে যেদিন (৮ জুলাই) সফিয়ারকে গ্রেপ্তার করা হয় সেদিনও প্রাইম ব্যাংকে ৬৫ লাখ টাকা জমা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরো জানান, আরো টাকা উদ্ধার এবং তথ্য উদঘাটনের জন্য বুধবার বিচারিক হাকিম আদালতে হাজির করে সাতদিন পুলিশ হেফাজতের আবেদন করলে আদালত তিনদিন মঞ্জুর করেন।
এ ঘটনায় ১৬৭ জন ছাড়াও গ্রেপ্তার অন্যরা হলেন- সরকারি ছাপাখানার (বিজি প্রেস) কর্মচারী মোস্তফা কামাল, এই প্রেসের ফর্মা প্র"ফ প্রেসম্যান আব্দুল জলিল (৪০), উপ-পরিচালক মোহাম্মদ আলী, মোস্তফা কামালের স্ত্রী ছাপাখানার বাইন্ডার লাবনী বেগম ও সরকারি কর্ম কমিশনের কর্মচারী আব্দুর রউফ।
এদের মধ্যে ১৭১ জন রয়েছেন রংপুর কারাগারে এবং লাবণী বেগম রয়েছেন ঢাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৩৮ ঘ.
bdnews24