২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুরগির বাচ্চার মূল্য নির্ধারণ করেছে সরকার

দেশের প্রান্তিক খামারিদের কাছে বিক্রির জন্য একদিন বয়সী মুরগির বাচ্চার সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 03:57 PM

Updated : 25 Aug 2022, 01:52 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রান্তিক খামারিদের কাছে বিক্রির জন্য একদিন বয়সী মুরগির বাচ্চার সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। বুধবার প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানানো হয়, উৎপাদন খামারিদের জন্য একদিন বয়সী ব্রয়লার বাচ্চার মূল্য ৩০ টাকা এবং লেয়ার বাচ্চার মূল্য ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক সুনীল চন্দ্র গাইন গত ১১ জুলাই একটি চিঠির মাধ্যমে নতুন মূল্য কার্যকর করতে সকল খামারিদের নির্দেশ দিয়েছেন। চিঠিতে উৎপাদনকারী ও প্রান্তিক খামারিদের মুরগির বাচ্চার সর্বোচ্চ খুচরা মূল্য বাচ্চার প্যাকেটের গায়ে লিখে দিতে বলা হয়। বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে বাংলাদেশ পোলট্রি ব্রিডার্স অ্যাসোসিয়েশন এ মূল্য গ্রহণযোগ্য নয় জানিয়ে এব্যাপারে আদালতে যাওয়ারও হুমকি দিয়েছে। মুরগির বাচ্চা ফোটানোর সঙ্গে জড়িত হ্যাচারির মালিক ও প্রান্তিক খামারিদের সঙ্গে গত ৩০ মে প্রাণিসম্পদ অধিদপ্তরে এক বৈঠকে ব্রয়লার বাচ্চাপ্রতি ৩০ টাকা এবং লেয়ার বাচ্চাপ্রতি ৩২ টাকা মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের পক্ষে অভিযোগ করা হয়, একদিনের বাচ্চার মূল্য দ্বিগুণেরও বেশি রাখা হচ্ছে। এ কারণে গত ১ জুলাই থেকে পরিষদের সদস্যরা বেশি দামে মুরগির বাচ্চা নেওয়া বন্ধ রেখেছে। বাংলাদেশ পোলট্রি ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের এ সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকার মূল্য নির্ধারণ করে দিতে পারেনা। এজন্য আইন পরিবর্তন করতে হবে।" তিনি বলেন, "আমরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাব। এজন্য আমরা আইনজীবীদের সঙ্গে আলোচনা করছি।" প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রস্তাবিত মূল্য পর্যালোচনার অনুরোধ জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা আমাদের সঙ্গে কথা না বলে এ আদেশ জারি করেছে। এ আদেশ প্রত্যাহার করার জন্য আমরা অধিদপ্তরকে চিঠি দেবো। অন্যদিকে বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের মহাসচিব খন্দকার মো. মহসিন বলেন, এ সিদ্ধান্ত কার্যকর করতে সরকারকেই পদক্ষেপ নিতে হবে। নাহলে প্রান্তিক খামারিরা ক্ষতিগ্রস্ত হবে, ক্রেতাদেরও বেশি দাম দিতে হবে। তিনি মুরগির বাচ্চা উৎপাদকদের এ সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়ে উৎপাদকদের জন্য বিভিন্ন পণ্যের শুল্কমুক্ত আমদানি সুবিধা প্রত্যাহারেরও দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/এইচএ/২১৪৫ ঘ.