২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি'র বৃহস্পতিবারের ধর্মঘট স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে বৃহস্পতিবারের ধর্মঘট স্থগিত করেছে প্রগতিশীল ছাত্রজোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 02:50 PM

Updated : 25 Aug 2022, 01:53 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে বৃহস্পতিবারের ধর্মঘট স্থগিত করেছে প্রগতিশীল ছাত্রজোট। বুধবার বিকালে পাঁচ বাম ছাত্র সংগঠনের এ জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জোট নেতাকর্মীরা। তিন দফা দাবিতে গত রোববার এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। দফা তিনটি হলে- লোকপ্রশাসন বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স বাতিল, বর্ধিত পরিবহন ফি প্রত্যাহার এবং আর কোনো বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালু করা হবে না এই মর্মে কর্তৃপক্ষের ঘোষণা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লোকপ্রশাসন বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স স্থগিত করায় ধর্মঘট স্থগিত করা হয়েছে। বাকি দু'টি দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ক্যাস্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং বেলা ৩টায় মধুর কেন্টিনে সংবাদ সম্মেলন হবে। এদিকে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স স্থগিত করে দুপুরে লোক প্রশাসন বিভাগে নোটিশ টানিয়ে দেওয়া হয়। বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আখতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলের মাধ্যমে শিগগিরই কোর্সটি বাতিল করা হবে বলে তিনি জানান। আন্দোলনরত জোটের পাঁচ সংগঠন হল- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রকেন্দ্র ও বিপ্লবী ছাত্র মৈত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৭ ঘ.