কক্সবাজার, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারে পাহাড়ি ঢল ও বন্যায় কৃষকলীগের এক নেতাসহ পাঁচজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরো একজন।
রোববার ও সোমবার জেলা সদরের ঈদগাঁও, চকরিয়া, পেকুয়া, রামু ও উখিয়া উপজেলায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
চকরিয়া ও কুতুবদিয়ায় অন্তত একশ' গ্রাম পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে কমপক্ষে দুই লাখ মানুষ।
নিহতরা হলেন- চকরিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি বদিউর রহমান (৬৫) ও মানিকপুর বাজারপাড়ার দিনমজুর মোহাম্মদ খলিলুর রহমান (২৩), উখিয়া উপজেলার ভালুকিয়া এলাকার থিমছড়ি গ্রামের জসিম উদ্দিন (২৩), রামু উপজেলার স্কুলছাত্রী রেহেনা আকতার (১১) ও ঈদগড় ইউনিয়নের ক্যাম্পের চর এলাকার শাহ আলম (৬৫) ও সদর উপজেলার ভোমরিয়াঘোনার রিকশা চালক সৈয়দ আলম (৩১)।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার চকরিয়ার সীমান্ত এলাকা লামার ইয়াংছা খাল পার হওয়ার সময় পাহাড়ি ঢলে ভেসে যান বদিউর রহমান। বুধবার সকালে ভাটি অঞ্চল চরণদ্বীপে তার লাশ পাওয়া যায়।
এছাড়া একই দিন সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর বাজার পাড়ার দিনমজুর মোহাম্মদ খলিলুর রহমান মাতামুহুরি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বন্যার পানিতে ভেসে যান। তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
উখিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দিন জানান, গত রোববার থিমছড়ি গ্রামের জসিম উদ্দিন বন্যার পানিতে ভেসে যান। মঙ্গলবার বিকালে তার লাশ পাওয়া যায়।
রামু থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, রামুতে সোমবার বন্যার পানিতে ভেসে গেছে স্কুলছাত্রী রেহেনা। তার লাশ মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার খরুলিয়া দরগাহ পাড়া এলাকায় বাঁকখালী নদী থেকে উদ্ধার করা হয়।
তিনি জানান, একই দিন ঈদগড় ইউনিয়নের ক্যাম্পের চর এলাকার শাহ আলম বন্যার পানিতে বাড়িতে আটকা পড়ে মারা যান। মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঈদগাঁও এলাকার একজন সাংবাদিক জানান, রোববার ঈদগাঁওয়ের ভোমরিয়াঘোনা এলাকায় লাকড়ি কুড়াতে গিয়ে বন্যার পানিতে ভেসে যান রিকশাচালক সৈয়দ আলম। তিনি ভোমরিয়াঘোনা শ্বশুর বাড়ি থাকতেন। মঙ্গলবার সকালে চৌধুরী পাড়া পূর্ব বিলে তার লাশ পাওয়া যায়।
চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম বলেন, চকরিয়া উপজেলার ১২টি ইউনিয়নের ৫০টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় অন্তত দুই লাখ মানুষ পানিবন্দি।
দ্বীপ উপজেলা কুতুবদিয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, দ্বীপের ১৫ পয়েন্ট দিয়ে সাগরের পানি ঢুকে ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান সলিম উল্লাহ বাহাদুর জানান, সদর উপজেলার ঈদগাঁও, পোকখালী ও চৌফলদন্ডী ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, ঈদগাঁও নদীতীরে বেড়িবাঁধ না থাকায় দুই পাড়ের মানুষ প্রতিবছর ক্ষয়ক্ষতির শিকার হয়। স্লুইচ গেইট দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও তা এখন অকেজো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৪৮ ঘ.
bdnews24