২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবির পাঁচ নেতার চারদিনের রিমান্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর পাঁচ নেতাকে হেফাজতে রেখে চারদিন জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছে আদালত।(বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 12:48 PM

Updated : 25 Aug 2022, 01:53 PM

গাইবান্ধা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর পাঁচ নেতাকে হেফাজতে রেখে চারদিন জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছে আদালত। বুধবার তাদের গাইবান্ধার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে ১০ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চান মামলার তদন্ত কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম। শুনানি শেষে হাকিম আজিজুর রহমান চারদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। সোমবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলা সদরের প্রধান পাড়া থেকে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- রাজশাহীর বিভাগীয় প্রধান শফিকুল ইসলাম ওরফে জামাই রফিক, গাইবান্ধার জেলার দায়িত্বে নিয়োজিত গিয়াস উদ্দিন ওরফে রাসেল, এহসার সদস্য শাকিল, আব্দুল মজিদ ও আনোয়ার হোসেন ওরফে আর্মি আনোয়ার। গোবিন্দগঞ্জ থানার ওসি ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেএমবির সাংগঠনিক প্রধান আনোয়ার আলম খোকা ওরফে ভাগ্নে শহীদকে সোমবার বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী রাতেই গোবিন্দগঞ্জ উপজেলার প্রধান পাড়ায় অভিযান চালায় পুলিশ। সেখানে বৈঠক করা অবস্থায় গ্রেপ্তার করা হয় পাঁচজনকে। এ সময় সেখান থেকে জিহাদী বই, বিস্ফোরক ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আদালতে পাঠানোর আগে গোবিন্দগঞ্জ থানা থেকে সকালে হেলমেট ও বুলেটপ্র"ফ জ্যাকেট পরা অবস্থায় কড়া নিরাপত্তায় তাদের গাইবান্ধা পুলিশ সুপারিনটেনডেন্টের কার্যালয়ে আনা হয়। ওসি আরো জানান, জেএমবির রাজশাহী বিভাগীয় প্রধান শফিকুল ইসলাম ওরফে জামাই রফিক ঠাকুরগাঁওয়ের লক্ষ্মীপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। জঙ্গি সংগঠনটির গাইবান্ধার দায়িত্বে থাকা গিয়াসের বাড়ি জয়পুরহাটের রাংতা বুয়াবাড়ি ঘাটে। তার বাবার নাম হায়দার আলী। এহসার সদস্য শাকিল রাজশাহীর বাঘা উপজেলা সদরের আব্দুল মান্নানের ছেলে, মজিদ ও আনোয়ার বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামগাড়া গ্রামের বাসিন্দা। মজিদের বাবার নাম আব্দুল আজিজ মণ্ডল। এদের মধ্যে জামাই রফিক ও গিয়াস সম্পর্কে ভায়রা ভাই। তারা দু'জনই গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মামাতো ফুফাতো দুই বোনকে বিয়ে করেন। ওসি জানান, ২৬ দিন আগে জামাই রফিক ও গিয়াস গোবিন্দগঞ্জ পৌরসভার প্রধান পাড়ায় রাজা মিয়ার বাসা ভাড়া নিয়ে জেএমবি সদস্যদের সক্রিয় করা এবং নাশকতা চালানোর পরিকল্পনা করে আসছিলেন। বাড়ির মালিক রাজা মিয়ার স্ত্রী লাইজু বেগম পুলিশকে জানিয়েছেন, গত ১৫ মে রফিক ও গিয়াসের স্ত্রী আয়শা সিদ্দিকা ও সুমী বেগম ১১ শ' টাকায় বাসা ভাড়া। তারা বলেছিলেন তাদের স্বামী ওষুধ কোম্পানিতে চাকরি করেন। লাইজু আরো জানিয়েছেন- ভাড়াটিয়া মহিলাদের মুখ কোনো দিনই দেখতে পাননি তিনি। সব সময় তারা বোরকায় মুখ ঢেকে চলাফেরা করতেন। কখনই এই দুই মহিলা জনসম্মুখে আসতেন না। দিনের অধিকাংশ সময় নামাজ ও কোরআন শরীফ পাঠের কথা বলে ঘরের মধ্যে থাকতেন। তাদের স্বামীরা প্রতিদিন ভোরে বাসা থেকে বেরিয়ে যেতেন এবং ফিরতেন গভীর রাতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০২ ঘ.