২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মামলায় মাহমুদুরের জামিন স্থগিত

পুলিশের কাজে বাধা দেওয়ার এক মামলায় বন্ধ করে দেওয়া দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন সাত দিনের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 09:57 AM

Updated : 25 Aug 2022, 01:54 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের কাজে বাধা দেওয়ার এক মামলায় বন্ধ করে দেওয়া দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন সাত দিনের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। এ সময়ের মধ্যে সরকারকে হাইকোর্টের জামিন আবেদনের বিরুদ্ধে আপিল করার আবেদন (লিভ টু আপিল) করতে বলা হয়েছে। সরকারের আবেদনে বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এ আদেশ দেন। পুলিশের কাজে বাধা দেওয়ার অপর এক মামলায় মাহমুদুরের জামিন স্থগিত না করে সরকারের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। শুনানিতে সরকার পক্ষে ছিলেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম। মাহমুদুরে পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ২ জুন রাজধানীর তেজগাঁও ও কোতোয়ালি থানায় মামলা দুটি দায়ের করা হয়। এ দুটি এবং উত্তরা ষড়যন্ত্র মামলা ও আমার দেশের ছাপাখানায় হিযবুত তাহরীরের লিফলেট ছাপার অভিযোগে দায়ের মামলা মামলায় পুলিশের প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত গত সোমবার মাহমুদুরকে জামিন দেয় হাইকোর্ট। উত্তরা ষড়যন্ত্র ও হিযবুত তাহহিরের লিফলেট সংক্রান্ত মামলা দুটিতে মাহমুদের জামিন স্থগিতের জন্য বৃহস্পতিবার আবেদন করা হতে পারে বলে সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। উত্তরা ষড়যন্ত্রের ঘটনায় বিমান বন্দর থানায় মাহমুদুরের বিরুদ্ধে গত ৭ জুন একটি মামলা হয়। হিযবুত তাহরীরের লিফলেট ছাপার অভিযোগে গত ১৯ এপ্রিল উত্তরা থানায় মামলাটি দায়ের করা হয়। আমার দেশের প্রকাশক হাসমত আলীর দায়ের করা প্রতারণার মামলায় গত ২ জুন ভোররাতে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ১ জুন পত্রিকাটির প্রকাশনা বাতিল ও প্রেস সিলগালা করে দেয় সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১৫৫৩ ঘ.