ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুতর অসুস্থ শিল্পী ও মুক্তিযোদ্ধা আজম খানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজম খানের কন্যা ইমা খানের কাছে প্রধানমন্ত্রী এ সহায়তার অর্থ হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী আজম খানের কন্যা ইমাকে জানান, বাংলাদেশে পপ সঙ্গীতে নতুন ধারার প্রবর্তক এবং মুক্তিযোদ্ধা আজম খানের চিকিৎসার জন্য সরকার আরো সহায়তা দেবে।
শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করে শেখ হাসিনা আশা প্রকাশ করেন, আজম খান আবার তার গানের ভুবনে ফিরে আসবেন।
উন্নত চিকিৎসার জন্য শিল্পী আজম খানকে বুধবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
অর্থ সহায়তাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/১৮২৯ ঘ.
bdnews24