২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপত্রে মূল্যসীমা বাড়িয়ে সরকারি ক্রয় আইন পাস

দরপত্র পদ্ধতিতে ক্রয়কার্যের মূল্যসীমা ৫০ লাখ টাকা থেকে দুই কোটি টাকায় উন্নীত করে সরকারি ক্রয় (সংশোধন) আইন -২০১০ সংসদে পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 02:56 PM

Updated : 25 Aug 2022, 01:45 PM

ঢাকা, জুলাই ১২ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপত্র পদ্ধতিতে ক্রয়কার্যের মূল্যসীমা ৫০ লাখ টাকা থেকে দুই কোটি টাকায় উন্নীত করে সরকারি ক্রয় (সংশোধন) আইন -২০১০ সংসদে পাস হয়েছে। সোমবার স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সংসদে এই আইনের সংশোধনী বিলটি উপস্থাপন করেন। পরে তা কন্ঠভোটে পাস হয়। এ আইনের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে পরিকল্পনা মন্ত্রী জানান , পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮ এ সীমিত দরপত্র পদ্ধতির আওতায় ক্রয়কার্যের ক্ষেত্রে মূল্যসীমা বিদ্যমান ৫০ লাখ টাকা থেকে দুই কোটি টাকায় উন্নীত করতে বিধিমালায় এই সংশোধনী আনা হয়েছে। তবে সংশোধনীতে অভিজ্ঞতার বিষয় বাদ দেওয়ার বিরোধীতা করেছেন স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম। তিনি এ বিষয়ে সংশোধনী প্রস্তাবও দেন। কিন্তু তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়। সরকারি তহবিলের অর্থে পণ্য, কার্য বা সেবা ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ক্রয়কার্যে অংশগ্রহণে আগ্রহীদের প্রতি সম আচরণ ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করতে পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ সালে সংসদে পাস হয়। এরপর আইনটিতে দ্বিতীয় সংশোধনী আনা হয় ২০০৯ সালে। দ্বিতীয় সংশোধনীটি আরও সহজতর করতে সীমিত দরপত্র পদ্ধতিতে অভ্যন্তরীণ ক্রয়কার্যের মূল্যসীমা বিদ্যমান ৫০ লাখ টাকার স্থলে ২ কোটি টাকায় উন্নীত করা হয়। এক্ষেত্রে অতীতে সম্পাদিত ক্রয়কার্যের অভিজ্ঞতার প্রয়োজন হবে না। এছাড়া সংসদ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী 'জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সংশোধন বিল-২০১০' এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জি এম কাদের 'বাংলাদেশ পর্যটন বোর্ড বিল-২০১০' সংসদে উপস্থাপন করেন। এর আগে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফা কমিটির প্রথম প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৪০ ঘ.