ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে পরিকল্পিতভাবে 'হত্যার উদ্দেশ্যে' কারাগারে আটক রাখা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে মিলনের মেয়ে তানজিদা নাহার হক এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তানজিদা হক বলেন, "রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাবার বিরুদ্ধে ১৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ-ছিনতাই, ধর্ষণ, গাড়ী ভাংচুর, মাটি চুরি ইত্যাদি। কথিত এসব অভিযোগের ঘটনা সাত-আট বছর আগের প্রতিটি মামলার এজাহারে তা উল্লেখ আছে ।"
ইতোমধ্যে নয়টি মামলায় মিলন জামিন পেয়েছেন বলে জানান তিনি।
কয়েকটি মামলায় তার মাকেও আসামি করা হয়েছে জানিয়ে করে তানজিদা বলেন, "রাজনৈতিক প্রতিহিংসা এতটা বিবেকবর্জিত এবং অমানবিক হতে পারে তা ভাবতেও আমি চমকে উঠি।"
বর্তমান সরকারের আমলে সবগুলো মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাবার সঙ্গে পরিবারের কারও দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না অভিযোগ করে তানজিদা বলেন, "কারাগারে বাবার চিকিৎসারও ব্যবস্থা করা হচ্ছে না। তাই আশঙ্কা করছি সরকার পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।"
সরকারের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, "অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে বাবাকে মুক্তি দিন।"
গত ১৪ মার্চ চুরির অভিযোগে দায়ের করা একটি মামলায় মিলনকে গ্রেপ্তার করা হয়।
আ ন ম এহছানুল হক মিলন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিলনের স্ত্রী বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নাজমুন নাহার বেবী, সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস দুলু এবং বিএনপি নেতা শামসুজ্জামান দুদু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/এসএএ/১৯৩২ঘ.
bdnews24