ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছরই তিনটি নতুন জাতের ধান উদ্ভাবন করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট।
এর মধ্যে একটি খরা সহিষ্ণু এবং দু'টি লবণাক্ততা সহিষ্ণু ধান রয়েছে।
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের ৫০ বছর বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বীজ উইং এর মহাপরিচালক আনোয়ার ফারুক এ তথ্য জানান।
আনোয়ার ফারুক বলেন, "এ বছরই দেশে তিনটি নতুন জাতের ধান উদ্ভাবনের কাজ শেষ হবে। এর মধ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের অধীনে একটি খরা সহিষ্ণু ধান এবং বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে আরো দু'টি লবনাক্ততা সহিষ্ণু জাতের ধান উদ্ভাবন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।"
তিনি জানান, ইতোমধ্যেই আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (আইআরআরআই) সহযোগিতায় উদ্ভাবিত একটি লবণাক্ততা সহিষ্ণু এবং দু'টি জলমগ্ন সহিষ্ণু উদ্ভাবিত ধানের চাষ হচ্ছে। এ ধান ১৪ দিন পর্যন্ত পানির নিচে বেঁচে থাকতে পারবে।
মঙ্গলবার আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের ৫০ বছর বর্ষপূর্তি।
দিবসটি উপলক্ষে কৃষি মন্ত্রণালয় ও আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্কশপ ও দু'দিনব্যাপী ধান মেলার আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আনোয়ার ফারুক আরো জানান, ১৯৬০ সালে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর থেকেই এশিয়ার বিভিন্ন দেশেই ইরি ধান ধানের চাষ শুরু হয়। বাংলাদেশেও ষাটের দশকেই এ ধানের চাষ শুরু হয়।
তিনি জানান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত ৫১ টি আধুনিক জাত এবং চারটি হাইব্রিড জাতের ধান উদ্ভাবন করেছে। দেশের শতকরা প্রায় ৭০-৭৫ ভাগ জমিতে এসব ধানের চাষাবাদ হচ্ছে।
আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর মতো শস্য উৎপাদনে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের মহা পরিচালক ড. জিইগলার সংবাদ সম্মেলনে বলেন, "বাংলাদেশের আগামী ৫০ বছরের জন্য খাদ্য শস্যের নিরাপত্তা নিশ্চিত করার মতো অবস্থা রয়েছে।"
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ধান গবেষনা ইনস্টিটিউটের মাহাপরিচালক এম এ মান্নান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. ওয়ারেস কবির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/১৭৪৬ ঘ.
bdnews24