ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য, বাণিজ্য ও অর্থসচিবসহ প্রশাসনের বেশ কয়েকজন সচিবকে নিজ দপ্তরে ডেকে নিয়ে দেশের সর্বশেষ খাদ্য পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে সোমবার সকালে প্রধানমন্ত্রী কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবকে ডেকে পাঠান। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে বৈঠকও করেন।
এ সময় তিনি সচিবদের বেশ কিছু বিষয়ে নির্দেশনাও দেন বলে নিশ্চিত করেছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত সচিব বরুণ দেব মিত্র (বিডি মিত্র)।
মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবদুল করিম, অর্থ সচিব ড. মোহাম্মদ তারেক, খাদ্য সচিব বিডি মিত্র, ভারপ্রাপ্ত বাণিজ্য সচিব গোলাম হোসেনসহ বেশ কয়েকজন সচিব ওই বৈঠকে অংশ নেন।
পরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন পরিচালনায় গঠিত নির্বাচন কমিশনের প্রধান মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজের নেতৃত্বে কমিশনের পাঁচ সদস্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
তারা এ সময় মুক্তিযোদ্ধ সংসদ নির্বাচনের ফলাফলের গেজেটের একটি কপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
সংসদের সফল নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কমিশনের সদস্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন সচিব শফিক আলম মেহেদী।
সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে বিডি মিত্র বলেন, "প্রধানমন্ত্রী দেশের সর্বশেষ খাদ্য পরিস্থিতি, অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের অগ্রগতি ও বাজারে চালের দাম বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চেয়েছেন।"
বিডি মিত্র বলেন, "এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। তাঁকে জানানো হয়েছে, দেশে এখনো খাদ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। কৃষকদের ঘরেও ধান-চাল রয়েছে, তবে তা বাজারে আসছে না। বাজারে চালের সরবরাহ কম থাকায় মূল্য কিছুটা বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে।"
এ ব্যাপারে খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক জানান, প্রধানমন্ত্রী সচিবদের ডেকে খাদ্য পরিস্থিতি ও চালের দাম বাড়ার বিষয়ে জানতে চেয়েছেন। সচিবরা তাদের সর্বশেষ মজুদ, আমদানি পরিস্থিতি ও আমদানির উদ্যোগ, চালের দাম বাড়ার কারণ সম্পর্কে জানিয়েছেন।
খাদ্য মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে, বাজারে চালের দাম কিছুটা বেড়েছে। তবে বেতন বৃদ্ধি এবং আয় বাড়ায় মানুষের কেনার ক্ষমতাও বেড়েছে। বাজার নিয়ন্ত্রণে ওএমএস চালু করার কথা জানানো হয়েছে। এতে চালের দাম অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৭৩৫ ঘ.
bdnews24