ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ত্রিপুরার আগরতলা স্থলবন্দরের শ্রমিক ধর্মঘটের কারণে সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
ফলে রপ্তানিমুখী শতাধিক পণ্য বোঝাই ট্রাক আখাউড়া স্থলবন্দরে আটকা পড়েছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল একথা জনিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি আরো জানান, আগরতলা স্থলবন্দরের শ্রমিকরা তাদের মজুরি বাড়ানোর জন্য ভারতের লেবার কমিশনের কাছে আবেদন জানিয়েছে। তবে কমিশন তাদের মজুরি বাড়ায়নি। এর প্রতিবাদে শ্রমিকরা সকাল থেকে ধর্মঘটের ডাক দিয়েছে।
আখাউড়া স্থলবন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলে সরকার অন্তত ৭৫ হাজার ডলার রাজস্ব বঞ্চিত হয় বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১২৪৯ ঘ.
bdnews24