ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ ও চাঁপাইনাবাবগঞ্জে শনিবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকায় ভোরে বাস চাপায় আফসার উদ্দিন চৌকিদার (৯০) নামে একজন মারা গেছেন।
তার বাড়ি পটুয়াখালী জেলার আমতলী এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আফসার উদ্দিন ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাসায় ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে বোরাক পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ সময় স্থানীয় লোকজন বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। পরে স্থানীয়ভাবে তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ২০ হাজার টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়।
আফসার উদ্দিন প্রায় দুই সপ্তাহ আগে আলীগঞ্জে তার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, নাচোল উপজেলার ঘুঘু ডাঙ্গা গ্রামে বিকালে নিয়ন্ত্রণ হারিয়ে মাজহারুল (১৫) ও সুইট (১৫) নামে দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নয়ন (১৫) নামে আরেক আরোহী আহত হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নাচোল ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে মাজহারুল, সুইট ও নয়ন মটরসাইকেলে করে ভেরেন্ডি গ্রাম থেকে পাশের ধানসুড়া বাজারে যাচ্ছিলো। ঘুঘুডাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিকাল সাড়ে ৫টার দিকে মাজহারুল ও সুইট মারা যায়।
মাজহারুলের বাড়ি নাচোল উপজেলার বেনীপুর গ্রামে। সুইট ও নয়ন ভেরেন্ডি গ্রামের বাসিন্দা বলে জানান ইউপি চেয়ারম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২২৩ ঘ.
bdnews24