বাগেরহাট, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট শহরের সরুই কবরস্থান এলাকায় পুলিশ হেফাজত থেকে এক আসামি পালিয়ে গেছে।
শনিবার বিকালে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি সোহেল মীর (২৫) পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
তার বাড়ি সরুই মীরেবাড়ী বস্তিতে। তিনি আরো পাঁচটি মাদক মামলায় জামিনে রয়েছেন।
বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে কবরস্থান এলাকার সরকারি স্টাফ কোয়ার্টার্সের একটি বাড়ির ছাদ থেকে হেরোইন সেবনরত অবস্থায় সোহেলকে আটক করে পুলিশ।
এ সময় তার কাছ থেকে দুই পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
পরে সোহেলের স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে সরুই কবরস্থানে লুকিয়ে রাখা মাদক উদ্ধার করতে যায় পুলিশ। কবরস্থানের দেয়াল টপকানোর সময় এসআই'র সরকারি আগ্নেয়াস্ত্রটি মাটিতে পড়ে যায়। সেটি তুলতে গেলে সুযোগ পেয়ে সোহেল হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায়।
বাগেরহাট সদর থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোহেলকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮৫৩ ঘ.
bdnews24