ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি গুদামে চাল সরবরাহে খাদ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তিভুক্ত চালকল মালিক ও সরকারের প্রতিনিধিদের মধ্যে আলোচনা ফলপ্রসু হয়নি।
ফলে রোববার থেকে দেশের সকল সরকারি গুদামে চুক্তির চাল সরবরাহ বন্ধ রাখবে চালকল মালিকরা।
সরকারের শীর্ষ পর্যায় থেকে দাবির বিষয়ে ইতিবাচক সাড়া না পেলে এ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ অটো, মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির আহ্বায়ক কেএম লায়েক আলী।
এ ব্যাপারে খাদ্য সচিবের দায়িত্বে নিয়োজিত খাদ্য বিভাগের অতিরিক্ত সচিব আবদুল আউয়াল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এ বিষয়ে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় খাদ্য অধিদপ্তরের প্রতিনিধিরা আলোচনা করছেন।
খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক ও ভারপ্রাপ্ত খাদ্য সচিব বরুণ দেব মিত্র (বিডি মিত্র) বর্তমানে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন খান চাল কেনার প্রস্তুতি শেষ করতে ভারতে অবস্থান করছেন বলে খাদ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে।
এ অবস্থায় অভ্যন্তরীণ বাজার থেকে বোরো চাল সরবরাহে অধিদপ্তরের সঙ্গে চুক্তিবদ্ধ বাংলাদেশ অটো, মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সদস্যরা চুক্তি অনুযায়ী সরবরাহের সকল চালের দামে তিন টাকা করে প্রণোদনা দাবি করেন। এ দাবি না মানলে রোববার থেকে চাল সরবরাহ বন্ধ করার ঘোষণা দেয় তারা।
আবদুল আউয়াল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চালকল মালিকরা হঠাৎ করে কোন আলোচনা ছাড়াই এ ধরণের কর্মসূচি দিয়েছে। এ ব্যাপারে মালিকদের সঙ্গে আলোচনার জন্য অধিদপ্তরের পরিচালক আব্দুল হালিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ও অন্য কর্মকর্তারা মালিকদের সঙ্গে আলোচনা করছেন।
তিনি বলেন, "আলোচনার মাধ্যমে রাতের মধ্যেই এ কর্মসূচি প্রত্যাহার করা হতে পারে। সরকার এ বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে। কোনভাবেই অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে না।"
এদিকে সমিতির আহ্বায়ক কেএম লায়েক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খাদ্য অধিদপ্তরের পরিচালকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা কর্মসূচি প্রত্যাহারের জন্য যোগাযোগ করেছেন। তবে তারা কোনো আশ্বাস দিতে পারেনি। সরকারের শীর্ষ পর্যায় থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি বলেন, অধিদপ্তরের সঙ্গে সকল মালিকই চাল সরবরাহের চুক্তি করেছে। যারা আগেই সরবরাহ করেছে, তারা তো কোন অন্যায় করেনি। বরং তারা সরকারকে অভ্যন্তরীণ খাদ্য মজুদ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করেছে। অথচ যারা এখনো চাল দেয়নি, তাদের প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা তো হতে পারেনা। কিছু একটা করতেই হবে।
লায়েক আলী বলেন, সরকার যখন বোরো সংগ্রহের মূল্য নির্ধারণ করে, তখনই চালের মূল্য ২৮ টাকা করার প্রস্তাব করা হয়। কিন্তু তখন মন্ত্রী তা করেননি। তবে আশ্বাস দিয়েছেন, প্রয়োজনে তারা এটি বাড়িয়ে দেবেন। কিন্তু সরকার তা ৪ জুলাই কার্যকর করেছে। এর আগে যারা দিয়েছে, তাদের অপরাধটা কি। তাদেরও এটা দিতে হবে।
মালিকদের আবেদনের প্রেক্ষিতে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি গত ১ জুলাই সব চালকল মালিককে কেজি প্রতি তিন টাকা করে প্রণোদনা (নগদ সহায়তা) দেওয়ার সিদ্ধান্ত নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৮০৪ ঘ.
bdnews24