২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডের চিকিৎসা সেবা নিয়ে ঢাকায় সম্মেলন

থাইল্যান্ডের চিকিৎসা সেবার মান সম্পর্কে বাংলাদেশিদের ধারণা দিতে শুক্রবার রাজধানীর গুলশান ক্লাবে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2010, 01:51 PM

Updated : 25 Aug 2022, 01:35 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থাইল্যান্ডের চিকিৎসা সেবার মান সম্পর্কে বাংলাদেশিদের ধারণা দিতে শুক্রবার রাজধানীর গুলশান ক্লাবে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। থাইল্যান্ডের পায়াথাই হাসপাতাল 'ইন্টারন্যাশনাল মেডিকেল কনফারেন্স অ্যান্ড কনসালটেশন' শীর্ষক এই সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন বলেন, "বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে উভয় দেশই লাভবান হচ্ছে। সহযোগিতা বাড়ানো এবং আলাপ-আলোচনার সম্ভাব্য আরো অনেক ক্ষেত্র রয়েছে।" দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা, বাণিজ্য এবং গবেষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, এতে উভয় দেশই সামাজিক ও স্বাস্থ্য খাতের সমস্যাগুলোর সমাধানের পথ খুঁজে পাবে। থাই রাষ্টদূত তাসানাওয়াডী মিয়ানচরন বলেন, বাংলাদেশি নাগরিকদের জন্য এ বছরের ডিসেম্বর পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে ভিসা ফি মওকুফ করা হয়েছে। চিকিৎসাসহ অন্যান্য খাতে থাইল্যান্ড সরকার বাংলাদেশের সঙ্গে আরো আন্তরিকভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। পায়াথাই হাসপাতালের আন্তর্জাতিক মেডিকেল সেন্টারের প্রধান ইয়ংইয়ুথ মায়ার্লাপ জানান, এই হাসপাতালে নতুন কিছু প্রযুক্তি রয়েছে, যেমন মিনিমাল ইনভেসিভ নিউরো সার্জারি।" সম্মেলনে নিউরো সার্জারি এবং অনকোলজি বিষয়ে চিকিৎসক ইয়ংইয়ুথ মায়ার্লাপ, গাইনোকোলজি বিষয়ে চিকিৎসক থিটিকর্ণ ওয়ানিচকুল এবং হৃদরোগ বিষয়ে চিকিৎসক আমোর্ন জোংথাসাপুংপন প্রেজেন্টেশন উপস্থাপন করেন। থাইল্যান্ডে ১৯৭৬ সালে পায়াথাই হাসপাতাল প্রতিষ্ঠা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/১৯৪০ ঘ.