২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ ঘণ্টা পর হাজরা চ্যানেলে ফেরি চলাচল স্বাভাবিক

ডুবোচরে আটকা ফেরি উদ্ধারের পর শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে মাওয়া-কাওরাকান্দি রুটের হাজরা চ্যানেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2010, 12:10 PM

Updated : 25 Aug 2022, 01:36 PM

মাদারীপুর, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডুবোচরে আটকা ফেরি উদ্ধারের পর শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে মাওয়া-কাওরাকান্দি রুটের হাজরা চ্যানেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বিআইডাব্লিউটিএ ও বিআইডাব্লিউটিসি ঘাট সূত্র জানায়, শুক্রবার সকালে ৩০টি যানবাহন নিয়ে কাওরাকান্দি ঘাট থেকে মাওয়ার উদ্দেশে ছেড়ে যায় রো রো ফেরি বরকত। প্রায় একই সময়ে মাওয়া থেকে ৩০টি গাড়ি নিয়ে রো রো ফেরি শাহ মখদুম ও ১০ টি গাড়ি নিয়ে একটি কে টাইপ ফেরি রওনা করে। ফেরি তিনটি সকাল ৮টার দিকে হাজরা চ্যানেলে পৌঁছলে নতুন করে জেগে ওঠা ডুবোচরে আটকে যায়। এরপর রুটটি দিয়ে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে ঘাটের দুপাড়ে যাত্রীবাহী বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে পড়ে। বিআইডব্লিউটিসি'র কাওড়াকান্দি ঘাটের কর্মকর্তা শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বিকেল ৪টার দিকে উদ্ধারকারী আইটি জাহাজ ফেরিগুলো উদ্ধার করার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৭৪৯ ঘ.