২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ফাঁস' হওয়া প্রশ্নপত্রসহ ১৬০ জন গ্রেপ্তার

মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রংপুর থেকে সংস্থাপন মন্ত্রণালয়ের এক কর্মচারীসহ ১৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 04:03 PM

Updated : 25 Aug 2022, 01:31 PM

রংপুর, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রংপুর থেকে সংস্থাপন মন্ত্রণালয়ের এক কর্মচারীসহ ১৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্রের ফটোস্ট্যাস্ট করা ৭-৮শ' কপি, উত্তরপত্র ও ফটোস্ট্যাট মেশিন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেসরকারি পর্যটন কেন্দ্র 'ভিন্ন জগত'-এ অভিযান চালিয়ে এদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। আগামীকাল শুক্রবার সারা দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিষয়ভিত্তিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিলো। শিক্ষা মন্ত্রণালয় অনিবার্য কারণ দেখিয়ে পরীক্ষা স্থগিত করেছে। সারা দেশে এই পরীক্ষায় এক লাখ ৩২ হাজার চাকরিপ্রার্থী অংশ নিচ্ছে। পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃতদের অধিকাংশ বিভিন্ন জেলা থেকে প্রশ্নপত্র সংগ্রহ করতে এসেছিলো। এর মধ্যে ঢাকা, কুষ্টিয়া, পাবনা, রংপুর ও নীফামারীসহ বিভিন্ন এলাকার চাকরিপ্রার্থীরা রয়েছে। এদের মধ্যে পরিচয় পাওয়া গেছে ছয়জনের। এরা হলেন- মেহেরপুরের মাহারাতুন নেছা, কুমিল্লার মরিয়ম বেগম, ফরিদপুরের টেকেরহাটের আনিছার রহমান, রাজধানীর পিসি কালচার এলাকার রায়হান আলম, নেত্রকোনার কামরুল ইসলাম, ও মাগুরার আবু আসলাম পারভেজ। গ্রেপ্তারকৃতদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের কর্মচারী রংপুর শহরের মুলাটোলা এলাকার হামিদুল ইসলাম, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আরকান্দি গ্রামের ফেরাদুল হক, নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার মাহফজুল ইসলাম, রংপুরের কেল্লাবন্দ এলাকার মোস্তফা ও রাজ্জাক প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। অভিযানে নেতৃত্ব দেওয়া রংপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট সালেহ মো. তানভীর সাংবাদিকদের জানান, গ্রেপ্তার করা ১৬০ জনের মধ্যে ২৫ জন মহিলা রয়েছে। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি জানান, জিজ্ঞাসাবাদে আটকৃতদের কয়েকজন বলেছেন- চক্রটি প্রশ্নপত্রের জন্য তাদের কাছে পাঁচ লাখ টাকা চেয়েছে। অগ্রিম নিয়েছে দুই থেকে আড়াই লাখ টাকা। প্রশ্নপত্র ও তাদের তৈরি করে দেওয়া উত্তরপত্র সরবরাহের জন্য চক্রটি রংপুরের বেসরকারি পর্যটন কেন্দ্র 'ভিন্ন জগত' এর গেস্ট হাউসে তাদের আসতে বলে। পুলিশের জিজ্ঞাবাসাদে চক্রটি জানিয়েছে, তারা ৫০ হাজার টাকায় গেস্ট হাউসটি ভাড়া নিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রংপুর কোতয়ালি থানার ওসি হায়দার আলী জানান, প্রশ্নপত্র ফাঁসের মূল হোতাকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৮ ঘ.