জাবি, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সোমবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা বুধবার বিক্ষোভ মিছিল করেছেন।
দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে নতুন পরিবহন চত্বরে শেষ হয়।
পরে ওখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি রাজিব কর্মকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি নাসির উদ্দিন প্রমুখ।
সমাবেশে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
এদিকে বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যরা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তারা এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অদক্ষতাকে দায়ী করেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতির কাছে শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ও সংঘর্ষের ঘটনা রোধে অবিলম্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের অনুরোধ জানান।
সোমবার বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হলে ছাত্রলীগের দুই গ্র"পের নেতাকর্মীদের সংঘর্ষে এক সহকারী প্রক্টরসহ অন্তত ৫০ জন আহত হন।
এ ঘটনার জাবি শাখা ছাত্রলীগের সব ধরনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে এবং জাবির ১৩ ছাত্রলীগকর্মীকে বহিষ্কার করে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
ঘটনায় জড়িত অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৭ ছাত্রকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করে।
এরপর গভীর রাতে চারটি ছাত্র হল থেকে ১৫ ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩২৩ ঘ.
bdnews24