২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের অর্থ পাচার: অভিযোগপত্র গ্রহণের শুনানি ১০ আগস্ট

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি হবে আগামী ১০ আগস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 05:09 PM

Updated : 25 Aug 2022, 01:27 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি হবে আগামী ১০ আগস্ট। বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন এ তারিখ ধার্য করেন। এ মামলাটি আমলে নেওয়া হবে কি না এ ব্যাপারে ওইদিন সিদ্ধান্ত জানাবেন বিচারক। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহীম ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তারেক ও মামুনকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়, তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন। বুধবার দুপুরে আভিযোগপত্রটি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পাঠানো হয়। কারণ আইন অনুযায়ী অভিযোগপত্র গ্রহণের এখতিয়ার মুখ্য মহানগর হাকিম আদালতের কোনো বিচারকের নেই। অভিযোগপত্র গ্রহণের জন্য শুনানির তারিখ নির্ধারণের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সংশ্লিষ্ট আদালতের পেশকার ইফতেখার হোসেন। দুদকের সহকারী পরিচালক মো. ইব্রাহিম গত বছরের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করেন। '১/১১' প্রেক্ষাপটে জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে একই বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান। সেই থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ব্যাপক প্রভাবের অধিকারী হিসেবে পরিচিত তারেকের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অন্তত ১৪ টি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এইচএ/২৩০৫ ঘ.