২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন জরুরি : শ্রমমন্ত্রী

পোশাক শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়া 'অত্যন্ত জরুরি' বলে মনে করেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 01:09 PM

Updated : 25 Aug 2022, 01:28 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়া 'অত্যন্ত জরুরি' বলে মনে করেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন,"গার্মেন্টস শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিলে মালিক-শ্রমিক দু'পক্ষেরই লাভ। এতে গার্মেন্টস শিল্পে কোনো অস্থিরতা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে জড়িত শ্রমিকদের খুঁজে পাওয়া সহজ হবে। একইসঙ্গে যে কোনো অস্থিরতার সময় দ্রুত শ্রমিক প্রতিনিধি খুঁজে পাওয়া যাবে। এটা মালিকদেরও বুঝতে হবে।" পোশাক শিল্পের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে সরকার শিগগিরই শিল্প পুলিশ ইউনিটও গঠন করবে বলে জানান মোশাররফ হোসেন। রাজধানীর গুলশানের একটি হোটেলে বুধবার এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই), ইউএনডিপি এবং সিএসআর সেন্টার যৌথভাবে 'জাতিসংঘের বিশ্ব শ্রমমান' শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার একটি শ্রমিকবান্ধব সরকার। এ সরকার ক্ষমতায় আসার পর সব শ্রমিকদের মজুরি পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যেই ৪৬ টি খাতের শ্রমিকদের মজুরি পর্যালোচনা শুরু হয়েছে। ২০০৬ সালে প্রণীত শ্রম আইনটি ত্র"টিপূর্ণ উল্লেখ করে শ্রমমন্ত্রী বলেন, "বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ আইন পর্যালোচনা এবং এর ভুল-ত্র"টি খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে। শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় আইনটি দ্রুত সংশোধন করা হবে।" তিনি বলেন, সরকার গার্মেন্টস শিল্পে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করেছে। আগামী ২৮ জুলাইয়ের মধ্যে বোর্ড নতুন মজুরি কাঠামোর ব্যাপারে সুপারিশ জমা দেবে। আগামী রমজানের আগেই পোশাক শ্রমিকদের জন্য মজুরি বোর্ড কার্যকর করা হবে বলেও জানান মোশাররফ হোসেন। প্রবাসী শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে প্রায় ৭০ লাখ বাংলাদেশী শ্রমিক বিদেশে কাজ করছে। ভবিষ্যতে আরো দক্ষ শ্রমিক বিদেশে পাঠাতে ইতোমধ্যেই ৭৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। আরো ৩৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ চলছে।" বিইআই'র সভাপতি ফারুক সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউএনডিপি'র কর্মসূচি বিশ্লেষক মাজেদা হক, ব্যুরো ভেরিতাসের বাংলাদেশ প্রধান গোলাম কিবরিয়া, জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফওজিয়া করিম ফিরোজ, আইওএম'র আঞ্চলিক কর্মসূচি ব্যবস্থাপক ক্রিস্টিনা মেজো এবং আইএলও'র প্রোগ্রাম কর্মকর্তা নূর উন নবী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/এইচএ/১৯০৮ ঘ.