২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই শিশু হত্যার স্বীকারোক্তি বাবার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নয় মাসের দুই যমজ শিশুকে হত্যা কথা স্বীকার করে তাদের বাবা জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 01:08 PM

Updated : 25 Aug 2022, 01:28 PM

নারায়ণগঞ্জ, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নয় মাসের দুই যমজ শিশুকে হত্যা কথা স্বীকার করে তাদের বাবা জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের কদমতলীর একটি পুকুর থেকে নয় মাস বয়সী সামীন্ত ও শিমু নামের দুই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ শিশুদের বাবা আবুল কাশেমকে গ্রেপ্তার করে। এ ঘটনায় স্ত্রী সালমা বাদি হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে কাশেম ফৌজদারী কার্যবিধির ১৬১ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। জবানবন্দিতে তিনি বলেছেন- ঢাকার গাজীপুরের মৌচাকে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। তার স্ত্রী সালমাও আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের একটি কারখানায় কাজ করেন। সিদ্ধিরগঞ্জের কদমতলীতে সালমা পাঁচ বছরের এক ছেলে, ৯ মাস বয়সী দুই যমজ শিশু সামীন্ত ও শিমু এবং শ্বাশুড়িকে নিয়ে থাকেন। তিনি (কাশেম) মাঝে মাঝে সিদ্ধিরগঞ্জে আসতেন এবং সংসারে কিছু টাকা পয়সা দিতেন। সংসারের খরচ নিয়ে শ্বাশুড়ির সঙ্গে তার প্রায়ই মনোমানিল্য হতো। শাশুড়ির সঙ্গে অভিমান করে মঙ্গলবার ভোর ৪টায় সীমান্ত ও শিমুকে পানিতে ডুবিয়ে হত্যা করেন বলে কাশেম পুলিশকে জানিয়েছেন। ওসি জানান, কাশেমকে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী কবরস্থানে যমজ দুই শিশুকে জানাজা শেষে দাফন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৯ ঘ.