ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুর থেকে ঢাকা পৌঁছেছে। সন্ধ্যা পৌনে ৭টায় এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়।
স্কয়ার হাসপাতালে অবস্থানরত মান্নান ভুঁইয়ার ব্যক্তিগত চিকিৎসক বজলুল করীম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' এয়ার অ্যাম্বুলেন্সটি বিমান বন্দরে অবতরণ করেছে। এরপর অ্যাম্বুলেন্সে করে মান্নান ভূঁইয়াকে এই হাসপাতালে আনা হবে।''
একই বিমানে আসা মান্নান ভুঁইয়ার ছোট ছেলে ভূঁইয়া নন্দিত নাহিয়ান (সজল) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেনন, ''এয়ার অ্যাম্বুলেন্স থেকে বাবাকে (মান্নান ভুঁইয়া) নামানো হচ্ছে। কিছুক্ষণের মধ্যে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে।''
সজল জানান, ''স্কয়ার হাসপাতালে সবকিছু প্রস্তুত রাখা হয়েছে। বাবাকে সেখানে আইসিইউতে রাখা হবে। মির্জা নাজিমউদ্দিন ও ক্যান্সার বিশেষজ্ঞ কামারুজ্জামান চৌধুরীর তত্ত্বাবধানে তার চিকিৎসা হবে।''
এর আগে সিঙ্গাপুর সময় বিকাল ৪টার পর এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
ফুসফুসের চিকিৎসার জন্য গত ৩১ মে মান্নান ভূঁইয়া সিঙ্গাপুর যান।
সেখানে তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, ফুসফুসের ক্যান্সারের চিকিৎসার জন্য তার দেহে মোট আটটি কেমোথেরাপি দেওয়া হয়। সর্বশেষ কেমো থ্যারাপি দেওয়ার পর থেকেই স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে না পারছেন না তিনি। এরপর তাকে কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়া হয়। অবস্থার অবনতি হলে গত সোমবার থেকে মান্নান ভুঁইয়াকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়।
ন্যাশনাল ইউনির্ভাসিটির চিকিৎসকদের পরামর্শ ক্রমে মান্নান ভুঁইয়াকে দেশে এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা নেওয়া হয়।
সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ টো হ্যাং চেং ও সার্জন টি অ্যাগেস্টাইনের তত্ত্বাবধানে গত জানুয়ারি মাস থেকে তার চিকিৎসা চলে। এ পর্যন্ত তিনি দুই দফা সিঙ্গাপুর গেছেন। সর্বশেষ গত ৩০ এপ্রিল মান্নান ভুঁইয়া দেশে ফিরে আসেন।
চারদলীয় জোট সরকারের প্রভাবশালী মন্ত্রী মান্নান ভূঁইয়া টানা ১১ বছর বিএনপির মহাসচিব ছিলেন।
২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে তাকে দল থেকে বহিষ্কার করেন। এরপর ২০০৮ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮৫৮ ঘ.
bdnews24