ঢাকা জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে একটি মাইক্রোবাস দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে মিরপুরে গণপূর্ত ভবনের সামনে গাবতলী থেকে মিরপুর এক নম্বরগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে।
দারুস সালাম থানার ওসি আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ সময় মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে কয়েকটি রিক্সা-ভ্যান দুমড়ে-মুচড়ে যায়।
এ ঘটনায় চারজন রিক্সা-ভ্যান চালক ও একজন পথচারী আহত হন। তাদেরকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ মাইক্রোবাসসহ এর চালক রাজুকে (৩৫) আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেবি/এইচএ/১৮১৮ ঘ.
bdnews24