ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দারুস সালাম থানা এলাকায় পুলিশ হেফাজতে এক পরিবহন শ্রমিকের মৃত্যুর ঘটনায় পুলিশের তিন উপপরিদর্শক ও সোর্সসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন নিহত মজিবর রহমানের (৪৫) বাবা মো. ইব্রাহিম ওরফে ইউনুস সেক্রেটারি।
মামলার আসামিরা হলেন- দারুস সালাম থানার উপপরিদর্শক হেকমত আলী, সহকারী উপপরিদর্শক মশিউর রহমান, সহকারী উপরিদর্শক সায়েম, কনস্টেবল জিয়া, মুহিবুর রহমান, মো. কাজল এবং নয়ন হাওলাদার।
মাদক ব্যবসায় জড়িত অভিযোগে গত ০১ জুলাই দারুস সালাম এলাকা থেকে পরিবহন শ্রমিক মজিবর রহমানকে আটক করে পুলিশ। পরদিন তার লাশ তুরাগ নদীতে পাওয়া যায়।
এই ঘটনায় দারুস সালাম থানার উপপরিদশর্ক হেকমত আলী, সহকারী উপপরিদর্শক মশিউর রহমান ও আরেক সহকারী উপপরিদর্শক সায়েমকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়।
আদালতে ইব্রাহিম বলেন, মঙ্গলবার দারুস সালাম থানায় ওই সাতজনের বিরুদ্ধে তিনি মামলা করেন। কিন্তু এজাহারে মূল আসামি হেকমত, মশিউর, সায়েম ও জিয়ার নাম বাদ দেওয়া হয়। তিনি লেখাপড়া জানেন না বলে ঘটনা বুঝতে পারেননি। পরে অন্যদের মাধ্যমে এজাহার পড়িয়ে জানতে পারেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তাই তিনি আদালতে এসেছেন।
বুধবার মামলার শুনানি শেষে বিচারক শাহাদাত হোসেন আগামী রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
মামলায় অভিযোগ করা হয়, গত ০১ জুলাই সন্ধ্যা ৭টার দিকে দারুস সালাম এলাকার গুদারঘাট এলাকা থেকে আসামিরা মজিবরকে পরিকল্পিতভাবে ধরে নিয়ে যায়। ছেলে ইকবালসহ তিনি শ্বশুরবাড়ি থেকে বাসায় ফিরছিলেন।
এ সময় তারা রাইফেলের বাট, লাঠি, ও সাইকেলের চেইন দিয়ে মজিবরকে মারধর করলে সে রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে। তাকে টেনে হেঁচড়ে গুদারাঘাটের নৌকা ঘাটে নিয়ে যায় তারা। পরে সে মারা গেলে গুম করার জন্য তার লাশ তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়।
মামলায় বাদি আরো অভিযোগ করেন, চাহিদা মতো টাকা না দেওয়ায় তারা এই ঘটনা ঘটায়। এর আগে মজিবরের বিরুদ্ধে ওই পুলিশ সদস্যরা একটি মিথ্যা মামলাও দায়ের করে। ওই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেবি/এজে/১৬৪৪ ঘ.
bdnews24