ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাব ও পুলিশ হেফাজতে সাধারণ মানুষের মৃত্যুতে গভীর শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
বুধবার সচিবালয়ে আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, "র্যাব ও পুলিশ হেফাজতে মানুষ হত্যা ও নিখোঁজ হচ্ছে। এ বিষয়টি আমাদের মনে গভীর শঙ্কা ও উদ্বেগের জন্ম দিয়েছে।
"র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা বলেছি, মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনাকেই আমরা সহ্য করবো না। একজন নাগরিকের বিরুদ্ধে ১৫/২০ টা মামলা থাকলেই কোনো বাহিনী তার ওপর নির্যাতন করতে পারে না।"
আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, "আমরাও চাইনা কোনো নাগরিকের মানবাধিকার লঙ্ঘন হোক। যে কোনো বিচারবহির্ভূত হত্যাই আইন সিদ্ধ নয়। বিচারের মাধ্যমে একজনকে দণ্ড দেওয়া, আর বিচারের মুখোমুখি না করে শাস্তি দেওয়া ভিন্ন বিষয়। কেউ আইন হাতে তুলে নিলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও বলেন, "পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, ইতিমধ্যে সরকার অভিযুক্তদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।"
এক প্রশ্নের জবাবে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, "একজন হারিয়ে যাবে, তার কোনও খবর থাকবে না। কমিশনের সামনে এসে তার মা-স্ত্রী-সন্তান কান্নাকাটি করবে-এটা হতে পারে না।"
সভ্য সমাজে মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনা সহ্য করার কোনো যুক্তি নেই উল্লেখ করে অধ্যাপক মিজানুর রহমান বলেন, এগুলোর বিরুদ্ধে কমিশন শক্ত হাতে ব্যবস্থা নেবে। কারণ, কমিশন সাংবিধানিক ভাবেই জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ।
তিনি জানান, এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে বৃহস্পতিবার কমিশনের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় কমিশনের সদস্য কথা সাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক নিরু কুমার চাকমা, নিরূপা দেওয়ান, কাজী রিয়াজুল হক ও ফৌজিয়া করিম ফিরোজ উপস্থিত ছিলেন।
গত সপ্তাহে রাজধানীতে পুলিশ হেফাজতে পরিবহন শ্রমিক মজিবর রহমান (৪৫), ব্যবসায়ী মিজানুর রহমান (৪২) ও অটোরিকশা চালক বাবুল গাজী (৪০) নিহত হওয়ার অভিযোগ পাওয়া যায়।
এর আগে ৯ মার্চ রমনা থানায় গাড়ি চুরির মামলায় আটক জাকির হোসেন (৪৫) পুলিশের হেফাজতে মারা যান।
পুলিশ হেফাজতে বিচারবহির্ভূত এসব 'হত্যার' ঘটনার পরিপ্রেক্ষিতে গত ৫ জুলাই হাইকোর্ট
সাত দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করতে সরকারকে নির্দেশ দেয়।
সেইসঙ্গে ফৌজদারি আইনে কী ব্যবস্থা নেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে দুই সপ্তাহের মধ্যে তা আদালতে জানাতে বলা হয়েছে।
বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ সরকার ও পুলিশকে বিচারবহির্ভূত এসব 'হত্যার' কারণ জানাতেও নির্দেশ দেয়।
একইসঙ্গে দায়ীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ এবং পুলিশ হেফাজতে মৃত্যু প্রতিরোধে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই সময়ের মধ্যে তাও জানাতে বলা হয়।
এছাড়া আগামী ১৯ জুলাই গুলশান ও দারুস সালাম থানার ওসি, গুলশান থানার উপপরিদর্শক আনিসুর রহমান, দারুস সালাম থানার উপপরিদর্শক মাসুদুর রহমান, দারুস সালাম থানার দুই সহকারি উপপরিদর্শককে হাইকোর্টে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমইউএস/আরএ/এইচএ/১৮১১ ঘ.
bdnews24