২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ল্যাপটপ মেলা শুরু

রাজধানীতে তিনদিন ব্যাপী 'ঢাকা ল্যাপটপ মেলা-২০১০' শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 09:44 AM

Updated : 25 Aug 2022, 01:29 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে তিনদিন ব্যাপী 'ঢাকা ল্যাপটপ মেলা-২০১০' শুরু হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার এ মেলার উদ্বোধন করেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার, প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মূসা ইব্রাহিম এবং মেলার সম্বনয়কারী সুলতান মাহমুদ। অনলাইন সংবাদ সংস্থা ও সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মেলার অনলাইন নিউজ পার্টনার । ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশন আয়োজিত এ মেলা চলবে ৯ জুলাই পর্যন্ত। মেলার সম্বনয়কারী সুলতান মাহমুদ জানান, মেলায় মোট ১৪টি প্যাভিলিয়ন এবং ১১টি স্টল রয়েছে। সপ্তমবারের মতো আয়োজিত এ মেলায় কম্প্যাক, অ্যাপল, ফুজিৎসু, ডেল, এইচপি, গিগাবাইট, আসুস, লেনভো, তশিবা, এসার, গেটওয়ে, স্যামসাং, এমএসআই, বেনকিউসহ বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপে দুই হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া মেলায় বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো মোটরসাইকেল, ল্যাপটপ ক্যামেরা, টিভিকার্ডসহ নানা পুরস্কার দিচ্ছে ক্রেতাদের। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশ মূল্য ২০ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/এজে/১৫৪০ ঘ.