ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবরের শিশু সামীউল আজিম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
বুধবার আদাবর থানায় এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সামীউলের মা হুমায়রা আক্তার আয়শার কক্ষে নয়; তাদের বাসার কাছে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় শামসুজ্জামন আরিফ নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার আসল নাম শামসুজ্জামান বাক্কু এবং বাক্কুই সামীউলকে হত্যা করে লাশ বস্তায় ভরে পাশের একটি প্লটে রেখে যায়।
পুলিশ আরো জানিয়েছে, শামসুজ্জামান বাক্কুর ছোট ভাইয়ের নাম শামসুজ্জামান আরিফ। বাক্কু তার ছোট ভাই আরিফের নামে নিজের পরিচয় দিয়ে বিভ্রান্তি ছড়াতে চেয়েছিলো।
নিহত সামীউল আজিমের বাবার নাম কে এম আজিম। তার বাসা আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ের ৮ নম্বর রোডের ৭ নম্বর বাড়ির পাঁচতলায়।
গত ২৪ জুন সকালে তাদের বাসার কাছেই নবোদয় হাউজিংয়ের একটি প্লট থেকে ছয় বছরের শিশু সামীউলের লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিনই সামীউলের বাবার দায়ের মামলায় মা আয়শাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় সর্বশেষ গত মঙ্গলবার আয়েশাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) জন্য আরো পাঁচ দিন মঞ্জুর করেছে আদালত।
এর আগে দুই দফায় তাকে নয়দিন জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়।
একই বিচারক অপর একটি হত্যা মামলায় মঙ্গলবার শামসুজ্জামান বাক্কুকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাক্কু সামীউল হত্যামামলায়ও গ্রেপ্তারকৃত আসামি।
মা হুমায়রা ও বাক্কুর অনৈতিক কাজ দেখে ফেলায় তারা সামীউলকে খুন করে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও জোন) চৌধুরী মঞ্জুরুল কবীর জানান, শামসুজ্জামান বাক্কু গত ২২ তারিখ বিকালে কৌশলে সামীউলকে অপহরণ করে। পরদিন আমের জুসের সঙ্গে ঘুমের ট্যাবলেট খাইয়ে সামীউলকে ঘুমের মধ্যেই আদাবরের বাসার কাছে নিয়ে আসে। এরপর সুযোগ বুঝে রাত সাড়ে ১২টার দিকে গলা-মুখ চেপে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বস্তায় ভরে লাশ ফেলে যায়।
সামীউলের মা হত্যাকাণ্ডের প্ররোচনা দিয়েছিলেন কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
গ্রেপ্তার বাক্কু এর আগে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সামীউলকে তার মা আয়শার কক্ষেই হত্যা করার কথা বলেছিলো।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপ-পুলিশ কমিশনার মঞ্জুরুল সাংবাদিকদের জানান, পূর্বের বর্ণানায় আইনী কোনো বাধা আসবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/আরএ/১৩৩৬ ঘ.
bdnews24