ময়মনসিংহ, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কর্মসৃজন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা মৎস্য কর্মকর্তাসহ আটজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
মঙ্গলাবার জেলার জ্যেষ্ঠ মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন বেজবাড়ি গ্রামের শহীদুল্লাহ।
বাদির আইনজীবী অ্যাডভোকেট গোলাম হোসেন সাংবাদিকদের জানান, হাকিম লুৎফর রহমান শিশির মামলাটি আমলে নিয়ে ফুলবাড়ীয়া থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন।
মামলার আসামিরা হলেন- উপজেলার মৎস্য কর্মকর্তা আবু বকর ছিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন মণ্ডল, বালিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব সরকার, ইউপি সদস্য আবুল হাসেম, মজিবর রহমান, সামছুল কবির, সফিকুল ইসলাম ও হাজেরা খাতুন।
মামলায় অভিযোগ করা হয়, কর্মসৃজন প্রকল্পের আওতায় উপজেলার দশমাইল এলাকা থেকে মোহাম্মদ নগর পর্যন্ত রাস্তা মেরামত, বৈদ্যবাড়ী প্রাথমিক বিদ্যালয় ও ঈদগাহ মাঠ ভরাটে বাদি শহীদুল্লাহসহ শ্রমিকরা ৪০ দিন কাজ করেছেন। কিন্তু প্রকল্প কমিটির সদস্যরা শ্রমিকদের ১৩ দিনের মুজরি দিয়ে বাকি টাকা আত্মসাত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২৯ ঘ.
bdnews24