নীলফামারী, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীর জলঢাকা উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
একটি বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠকের সময় মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কৈমারী এলাকায় এই সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
আহতদের মধ্যে দুজনকে রংপুর সদর হাসপাতাল এবং আটজনকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কৈমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ঝড়িয়া বর্মন সাংবাদিকদের জানান, এলাকার ফতেপাড়ার নুর উদ্দিনের ছেলে হাজিরুল ইসলাম (১৯) ও বারাইপাড়ার সুভাষ চন্দ্র রায়ের মেয়ে কবিতা রানী (১৭) পালিয়ে বিয়ে করে।
কবিতা ধর্মান্তরিত হয়ে ফাতেমা বেগম নামে ঘর সংসার করতে থাকে। বিষয়টি মেনে নেননি তার বাবা সুভাষ। তিনি নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি মামলা দায়ের করেন।
এসব নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা চলছিলো। সোমবার হাজিরুল বারাইপাড়ায় গেলে শ্বশুর বাড়ির লোকজন তাকে মারধর করে আটকে রাখে। জলঢাকা থানা পুলিশ বিকালে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
বিরোধ মীমাংসায় মঙ্গলবার বিকালে বারাইপাড়ায় সালিশ বসে। সালিশ চলাকালে সন্ধ্যার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এতে আহত ফতেপাড়ার নুরুল হক (৪৫), ছকিন উদ্দীন (৪০), মোফাদ্দি (৬০), হাফিজুর রহমান (৪০), ছকম উদ্দীন (৬৫), মোজাম্মেল হক (৫৫), বারাইপাড়ার মোহনলাল (৩০) ও টন্না অধিকারীকে (৫৫) জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ফতেপাড়ার মহিদুল ইসলাম (১৬) ও বারাইপাড়ার মিলন রায়কে (৪০)।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট রশিদুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১২ ঘ.
bdnews24