গোপালগঞ্জ, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় খাল দখল করে মাছের ঘের করেছে কয়েকজন প্রভাবশালী।
ঘের করায় উপজেলার চারটি গ্রামের অন্তত পাঁচ হাজার কৃষক পাট জাগ দিতে সমস্যায় পড়েছেন। এ কারণে তারা পাটও কাটতে পারছে না।
কাশিয়ানী, বরাশুর, পিংগলিযা ও পোনা গ্রামের প্রায় দেড় হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়।
এসব গ্রামের কৃষকরা অভিযোগ করেছেন, পোনা গ্রামের কয়েকজন প্রভাবশালী তিন কিলোমিটার দীর্ঘ খাল দখল করে মাছের ঘের করেছে। এ খালে তারা পাট জাগ দিতো। এখন এটা দখল হয়ে যাওয়ায় তারা পাট জাগ দিতে পারছেন না।
খাল রক্ষার দাবিতে তারা এর মধ্যে মিছিল ও সমাবেশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দিয়েছে।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, চাষীরা এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছে। তারা যাতে ওই খালে পাট পঁচাতে পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কাশিযানী উপজেলা কৃষি কার্যালয় জানায়, এই চার গ্রামে অন্তত দুই কোটি টাকার পাট উৎপাদিত হয়েছে। গত বছরের তুলনায় এ সব জমিতে প্রায় তিন গুণ পাট চাষ করা হয়েছে।
পিংগলিয়া গ্রমের পাটচাষী মো. শাহজাহান মিয়া, কাশিয়ানী গ্রামের কৃষক আলিম খন্দকার, পোনা গ্রামের ইকরাম চৌধুরী ও বরাশুর গ্রামের মো. রবিউল শেখ সাংবাদিকদের জানান, উপজেলার ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড থেকে পোনা গ্রাম পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের পাশে তিন কিলোমিটার দীর্ঘ খালটির দুই কিলোমিটার আগেই দখল করেছে পোনা গ্রামের কয়েকজন প্রভাবশালী।
তারা পাড় বেঁধে ১০টি ঘের তৈরি করে মাছ চাষ করছে। ঘেরের পাড়ে গাছও লাগিয়েছে তারা।
এ বছর মে মাসে বাকি এক কিলোমিটার অংশ দখল করে ঘের তৈরির কাজ শুরু করেছে তারা।
কৃষকরা জানান, দখলকারীদের মধ্যে আছেন- পোনা গ্রামের মন্নু তালুকদার, সাইফুল ইসলাম, শহীদ মোল্লা, রিয়াদ শেখ, জাহিদ মোল্লা, বিপ্লব সরদার, সোবহান মুন্সী।
এরা সবাই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জাহিদ মোল্লা পোনা গ্রামের এম এ খালেক কলেজ ছাত্রসংসদের ছাত্রলীগের সহসভাপতি (ভিপি) ছিলেন।
জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, তারা সড়ক ও জনপথ বিভাগের কাছ থেকে খালটি ইজারা নিয়েছেন।
তার কাছে ইজারার কাগজপত্র আছে দাবি করলেও তিনি তা দেখাতে পারেননি।
গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কমলেন্দু মজুমদার বলেন, ওই খাল কোনো ব্যক্তির নামে ইজারা দেওয়া হয়নি। খাল দখলের বিষয়টি তদন্ত করে দেখা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১১ ঘ.
bdnews24