ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ উন্মাদনায় ফুটবল ভক্তদের মুখে 'ওয়াকা ওয়াকা' শব্দটিই সবচেয়ে বেশি শোনা গেছে। এর পরই রয়েছে প্রিয় দল আর খেলোয়ারের নাম।
ফিফা আয়োজিত ২০১০ এর থিম সঙ্গীত 'ওয়াকা ওয়াকা' গেয়ে সারা বিশ্ব মাতিয়েছেন কলম্বীয় বংশোদ্ভূত পপ তারকা শাকিরা।
বাংলাদেশি ফুটবল ভক্তরাও শাকিরার সুর আর তালে মাতোয়ারা হতে পিছিয়ে নেই। ইন্টারনেট থেকে 'ওয়াকা ওয়াকা'র অডিও এবং ভিডিও ডাউনলোড করে তারা সুর তৃষ্ণা মেটাচ্ছেন।
যারা ইন্টারনেট আওতার বাইরে রয়েছেন তারাও মোবাইল ফোনে দেখতে এবং শুনতে পারেন শাকিরার শ্র"তি ও দৃষ্টি নন্দন এই গানটি। কনটেন্ট প্রোভাইডার কোম্পানিগুলো (সিপি) এদেশের ফুটবল প্রেমীদের দিচ্ছে এই সুবিধা।
দৈনিক পত্রিকায়গুলোতে এ সব কোম্পানির বিজ্ঞাপনে তালিকার শীর্ষে রয়েছে 'ওয়াকা ওয়াকা' এবং এর ডাউনলোড কোড।
কনটেন্ট প্রোভাইডার কোম্পানি টিটিবিসি লিমিটেড'র কর্মকর্তা রানা আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের তালিকায় এই গানটি অন্তর্ভূক্ত করার জন্য আমরা গ্রাহকদের কাছ থেকে অপ্রত্যাশিত অনুরোধ পেয়েছি।"
টিটিবিসির ব্যবস্থাপক জানান, মোবাইলের রিংটিউন ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহারের জন্য বিপুল সংখ্যক গ্রাহক গানটি ডাউনলোড করেছেন।
"আমি জানি কিছু লোক শুধুমাত্র শোনার জন্যই গানটি সংগ্রহ করেছেন", বলেন তিনি।
তিনি জানান, শ্রোতাসাধারণের কাছে গানটি পৌঁছে দিতে বিদেশি এক অংশীদারের কাছ থেকে লাইসেন্স ক্রয় করা হয়েছে।
আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গানটি গ্রাহকদের কাছে সরবরাহের জন্য আমরা ফি দিচ্ছি"।
কনটেন্ট প্রোভাইডার উইনটেল লিমিটেডের পক্ষ থেকেও একই কথা জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কোম্পানির একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশে গানটি সরবরাহের জন্য ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে আমরা স্বত্ত্ব কিনেছি।"
তবে কোম্পানি দুটির ওই দুই কর্মকর্তা তাদের বিদেশী ব্যবসায়িক অংশীদারের নাম ও গানটি কতবার ডাউনলোড করা হয়েছে তা জানাতে অস্বীকৃতি জানান।
আইনজীবীরা জানিয়েছেন, এ ব্যাপারে বাংলাদেশের আইন ও এর প্রয়োগের বিষয়টি অস্পষ্ট।
অ্যাডভোকেট আইয়ুবুর রহমান বলেন, "যে কেনো পণ্যের মতোই এই গানটিরও সরকারের পেটেন্ট অ্যান্ড কপিরাইট বিভাগের তালিকাভূক্ত হতে হবে। এর পরই কেবল এ ব্যাপারে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তোলা যাবে।"
তবে তিনি জানান, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো ২০২০ সাল থেকে কপিরাইটের ক্ষেত্রে দায়মুক্ত রয়েছে।
এ ব্যাপারে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, কপিরাইট ও ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট রক্ষায় একটি নীতিমালা তৈরির সময়সীমা এখনো পার হয়নি।
তিনি জানান, কনটেন্ট প্রোভাইডাররা তাই আইনের পথেই আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর/আরএইচ/আরএন/জিএনএ/২৩২০ ঘ.
bdnews24