২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় ট্রলারডুবি: লাশ না পাওয়ায় হামলা

শীতলক্ষ্যা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ ১৬ যাত্রীর পরিচয় পাওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 03:18 PM

Updated : 25 Aug 2022, 01:19 PM

নারায়ণগঞ্জ, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শীতলক্ষ্যা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ ১৬ যাত্রীর পরিচয় পাওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ট্রলারডুবিতে ১১ জন নিখোঁজ রয়েছে। সারাদিনেও কোনো লাশ উদ্ধার না হওয়ায় নিখোঁজদের স্বজন ও এলাকাবাসী দমকল, বিআইডব্লিউটিএ কর্মী ও পুলিশের উপর হামলা চালিয়েছে। একটি বালুবাহী ট্রলারে আগুন ধরিয়ে দেয়। এ কারণে বিকাল ৩টার পর থেকে শীতলক্ষ্যা নদীতে বালুবাহী ট্রলার চলাচল বন্ধ রাখা হয়। উদ্ধার কাজও ব্যাহত হয়। হামলায় পুলিশ, ডুুবুরিসহ অন্তত ২০ জন আহত হয়েছে। পুলিশ কয়েক দফা লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নদীতে প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ডুুবুরীরা। প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ জানায়, রোববার রাত পৌনে ১১টায় শহরের টানবাজার খেয়াঘাট এলাকায় বালুবাহী ট্রলারের ধাক্কায় প্রায় ২০০ যাত্রী নিয়ে শীতলক্ষ্যা নদীতে একটি ট্রলার ডুবে যায়। যাত্রীদের অনেকে সাঁতরে তীরে উঠলেও বেশ কয়েকজন নিখোঁজ থাকে। রাত সাড়ে ১১টায় বিআইডব্লিউটিএ ও দমকল বাহিনীর ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করে। প্রচন্ড স্রোত ও অন্ধাকারের কারণে রাত ২টায় উদ্ধার কাজ বন্ধ করে দেওয়া হয়। সোমবার সকাল পৌনে ৯টা থেকে দমকল ও বিআইডব্লিউটিএ'র ডুবুরিরা আবার উদ্ধার কাজ শুরু করে। বিকাল পর্যন্ত কোনো লাশ বা জীবিত কাউকে উদ্ধার করা যায়নি। এদিকে ভোর থেকেই নিখোঁজদের স্বজন ও এলাকাবাসী নদীর তীরে এসে বিক্ষোভ শুরু করে। তারা ট্রলার নিয়ে সোনাকান্দা, রূপালী ঘাট টানবাজার, কলাগাছিয়া এলাকায় বালুবাহী ট্রলারে হামলা চালায় এবং শ্রমিকদের মারধর করে। এ সময় বন্দর স্কুল খেয়াঘাট এলাকায় একটি বালুবাহী ট্রলারে আগুন ধরিয়ে দেয়। ১০/১২টি বালুবাহী ট্রলার সোনাকান্দা এলাকায় আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ এগুলো উদ্ধার করে। এ সময় পুলিশের উপরও হামলা হয়। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বজনদের খোঁজ না পেয়ে নদীতীরে অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। ডুবে যাওয়া ট্রলারটির যাত্রী রকি (২৭) জানান, চাচাতো ভাই রুবেলসহ তিনি নদী পার হচ্ছিলেন। দুজনেই কাজ করেন হোসিয়ারী কারখানায়। হঠাৎ একটি বালুবাহী ট্রলারের ধাক্কায় তাদের ট্রলারটি পানিতে তলিয়ে যায়। ওই সময় অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না। ট্রলারে দেড় শতাধিক যাত্রী ছিল। তিনি সাঁতরে তীরে উঠলেও এখনো রুবেলের খোঁজ পাননি বলে জানান। দুপুর ১২টার দিকে গুজব ছড়িয়ে পড়ে- ডুবুরিরা ইচ্ছে করে লাশ তুলছে না। এরপর ডুবুরিদের উপর হামলা চালানো হয়। হামলায় আহত দমকলের ডুবুরি আব্দুল কায়েসকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হামলার কারণে দমকল ও বিআইডব্লিউটিএ'র ডুবুরিরা উদ্ধার কাজ বন্ধ করে দেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুদ্দৌজা জানান, ট্রলার যাত্রীদের বেশিরভাগ নারায়ণগঞ্জ শহরের হোসিয়ারি, পোশাক কারখানা ও দোকানের শ্রমিক। নিখোঁজ ১৬ জনর হলেন- সুমন (১৮), রুবেল (১৯), নূর হোসেন (৩৮), সেলিম (১৬), মুকুল দাস (২৬), স্বপন (২১), রহমান (৪২), জুয়েল (১৮), হাছিনুর (১১), আসলাম (২৪), রিনা (২২), মনির (২০) শ্যামল (১৮), মামুন (২২), আরমান (২১) ও মাহবুব (২২)। তবে আরো নিখোঁজ থাকতে পারে বলে জানান ম্যাজিস্ট্রেট। নারায়ণগঞ্জ দমকল স্টেশনের উপসহকারী পরিচালক আহসানুল কবীর জানান, নিখোঁজদের উদ্ধারে রমনা দমকলের ৬ এবং বিআউডব্লিউটিএ'র ৪ ডুবুরি সকাল পৌনে ৯টা থেকে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু লোকজনের হামলায় ৪ ডুবুরি আহত হয়। এর মধ্যে আব্দুল কায়েস নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। বিআইডব্লিউটিএ'র ডুবুরি আব্দুর রাজ্জাক জানান, প্রায় এক কিলোমিটার এলাকা তল্লাশি চালানো হয়েছে। কিন্তু নদীতে প্রচণ্ড স্রোত থাকায় লাশ উদ্ধার ও ট্রলারটি শনাক্ত করা যায়নি। এলাকাবাসীর বাধার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয় বলে তিনি জানান। বিআইডব্লিউটিএ নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের উপ-পরিচালক ফজলুর রহমান জানান, নৌযানটি স্টিল বডির হলে তাকে শনাক্ত ও উদ্ধার করা যেতো। ধারণা করা হচ্ছে, কাঠের হওয়ায় এটি খণ্ডবিখণ্ড হয়ে গেছে। তাই শনাক্ত করা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, স্রোতের কারণে লাশ ও কাঠের অংশগুলো বহু দূরে ভেসে গেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট সাইদুর রহমান বলেন, জনতা উত্তেজিত হয়ে উঠার কারণে কয়েক ঘণ্টা বালুবাহী ট্রলার চলাচল বন্ধ রাখা হয়। বিকালে উত্তেজনা কমে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নদীতে পুলিশের তিনটি দল টহল দিচ্ছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. খুরশিদ আলম জানান, ট্রলারটি ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী বহন করছিলো। বালুবাহী ট্রলারগুলো নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করে। এ কারণে এ দুর্ঘটনা ঘটেছে। উদ্ধার কাজ অব্যাহত থাকবে। এ ধরনের র্দুঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে জেলা প্রশাসন থেকে সুপারিশ করা হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৪ ঘ.