২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতে মৃত্যু: তদন্ত কমিটির নির্দেশ হাইকোর্টের

পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় সাত দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করতে সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 11:51 AM

Updated : 25 Aug 2022, 01:21 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় সাত দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করতে সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। পাশাপশি ফৌজদারি আইনে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে দুই সপ্তাহের মধ্যে তা আদালতে জানাতে বলা হয়েছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ সোমবার সরকার ও পুলিশকে এর কারণ জানাতে নির্দেশ দিয়েছে। একইসঙ্গে দায়ীদের বিরুদ্ধে কেনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ এবং পুলিশ হেফাজতে মৃত্যু প্রতিরোধে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই সময়ের মধ্যে তাও জানাতে হবে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের দায়ের করা জনস্বার্থে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেয়। আগামী ১৯ জুলাই গুলশান ও দারুস সালাম থানার ওসি, গুলশান থানার উপপরিদর্শক আনিসুর রহমান, দারুস সালাম থানার উপপরিদর্শক মাসুদুর রহমান, দারুস সালাম থানার দুই সহকারি উপপরিদর্শককে হাইকোর্টে সশরীরে হাজির হতে বলা হয়েছে। এছাড়া আদালত রিট আবেদনে শুনানিতে সহায়তার জন্য ১১ সিনিয়র আইনজীবীকে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে। এরা হলেন- ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার আমির উল ইসলাম, ব্যারিস্টার ফিদা এম কামাল, ব্যারিস্টার এম জহির, সিনিয়র অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম, আব্দুল বাছেত মজুমদার, আব্দুল মতিন খসরু, আনিসুল হক ও ইউসুফ হোসেন হুমায়ুন। চলতি সপ্তাহে রাজধানীতে পুলিশ হেফাজতে মজিবর রহমান (৪৫) মিজানুর রহমান (৪২) ও অটোরিকসা চালক বাবুল গাজী (৪০) নিহত হওয়ার অভিযোগ পাওয়া যায়। এর আগে ৯ মার্চ রমনা থানায় গাড়ি চুরির মামলায় আটক জাকির হোসেন (৪৫) পুলিশের হেফাজতে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জিএনএ/১৭৪৬ঘ.