২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র বাহিনীর উচ্চতর প্রশিক্ষণে পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সশস্ত্র বাহিনীর উচ্চতর প্রশিক্ষণ ও সরঞ্জামসহ আধুনিকায়নের সব পদক্ষেপ নেবে যাতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আরো বেশী সদস্য যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 09:52 AM

Updated : 25 Aug 2022, 01:22 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সশস্ত্র বাহিনীর উচ্চতর প্রশিক্ষণ ও সরঞ্জামসহ আধুনিকায়নের সব পদক্ষেপ নেবে যাতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আরো বেশী সদস্য যেতে পারে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে এই বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখার সময় শেখ হাসিনা এ কথা বলেন। এর আগে, সকালে রেজিমেন্ট মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া এবং পরে কোয়ার্টার গার্ডে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পিজিআরের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পরিদর্শনে যান। তিনি রেজিমেন্টের কোয়ার্টার গার্ড পরিদর্শন এবং একদল চৌকষ গার্ডের অভিবাদন গ্রহণ করেন। এই রেজিমেন্টের একজন কর্মকর্তা এবং চারজন সৈনিক দায়িত্ব পালনের সময় মারা গেছেন। প্রধানমন্ত্রী কর্মরত অবস্থায় নিহত শহীদদের স্বজনদের সাথে সাক্ষাত করেন। তিনি শহীদ পরিবারের সদস্যদের কিছু উপহার দেন। এরপর প্রধানমন্ত্রীর সাথে পিজিআর সদস্যরা ফটো সেশনে অংশ নেন। পিজিআর সদস্যদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় আপনাদের সাথে আমার প্রতিদিনই দেখা হয়। আপনাদের দক্ষতা, কর্তব্যপরায়নতা ও একাগ্রতা প্রমাণ করে যে, আপনারা সবাই বিশেষভাবে নির্বাচিত ও আস্থাভাজন সৈনিক। সরকার প্রধান হিসাবে এই রেজিমেন্টের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক রয়েছে।" প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "আমাদের সরকার সশস্ত্র বাহিনীর জন্য উচ্চতর প্রশিক্ষণ ও সরঞ্জামাদির ব্যবস্থাসহ এর আধুনিকায়নে সকল পদক্ষেপ গ্রহণ করবে, যাতে বাংলাদেশ আরো বেশী করে শান্তিরক্ষী প্রেরণ করতে পারে।" সশস্ত্র বাহিনীর প্রতি শেখ হাসিনা তার 'এক ধরণের বিশেষ দূর্বলতার' কথা উল্লেখ করে বলেন, তার ভাই শেখ কামাল ক্যাপ্টেন এবং শেখ জামাল লেফটেন্যান্ট হিসাবে সশস্ত্র বাহিনীতে কর্মরত ছিলেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে সশস্ত্র বাহিনীর উন্নয়নে এবং সদস্যদের জন্য দেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা শেখ হাসিনা এসময় উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আরো বলেন, "সামরিক জীবনে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞানার্জন হয় আর জ্ঞানার্জনের মাধ্যমে নিরপত্তা নিশ্চিত করা যায়। সঠিক প্রশিক্ষণ সবাইকে শৃঙ্খলাবদ্ধ রাখে, পেশাগত জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করে, দক্ষতা বাড়ায় এবং সর্বোপরি অনুগত থাকতে শেখায়। কর্তব্যের পাশাপাশি তাই আপনারা প্রশিক্ষণও চালিয়ে যাবেন।" শুভেচ্ছা বক্তব্যের পর প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রীতিভোজে অংশ নেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌ বাহিনী প্রধান ভাইস এডমিরাল জেড ইউ আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান, প্রতিরক্ষা সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৯৭৫ সালের ৫ জুলাই তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ উদ্যোগ ও পরিকল্পনায় ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে পিজিআর দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিদেশ থেকে বাংলাদেশে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং সরকারিভাবে ঘোষিত যে কোনো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৫৪৮ ঘ.