ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়র সাদেক হোসেন খোকাসহ ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ১৩ কর্মকর্তাকে চার মাসের আগাম অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
দুর্নীতির দমন কমিশনের দায়ের করা মামলায় আদালত সোমবার এই জামিন মঞ্জুর করে।
পাশাপাশি তাদের কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না তার কারণ জানানোর জন্য সরকার ও দুর্নীতি দমন কমিশনকে আদেশ দেওয়া হয়।
বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি মো. হাফিজ উদ্দীন সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়।
খোকাসহ ১৩ ডিসিসি কর্মকর্তা সোমবার হাইকোর্টে হাজির হন। তাদের পক্ষে আদালতে জামিন আবেদন জানান ব্যারিস্টার রফিক-উল হক ও ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন।
গত ২৯ জুন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুন উর রশিদ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০০৬ সালের ১৮ অক্টোবর অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ডিসিসিতে ৫ জন কর কর্মকর্তা নিয়োগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৪০২ ঘ.
bdnews24