চট্টগ্রাম, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভাংচুরের ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের আরো ১০১ জনকে আটক করেছে পুলিশ।
রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে এদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এ নিয়ে গ্রেপ্তার ও আটকের সংখ্যা দাঁঁড়িয়েছে মোট ১৪২।
এর আগে পুলিশ রোববার বিকালে ঘটনাস্থল থেকে ৪১ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে আবু বক্কর নামের একজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।
জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে চট্টগ্রাম নগরীর হালিশহরে ছাত্র শিবিরের ৫০-৬০ জন কর্মী রোববার বিকাল ৪টার দিকে মিছিল বের করে। হালিশহর থেকে আগ্রাবাদ এক্সেস রোড পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে মিছিল কালে তারা ব্যাপক ভাংচুর চালায়। প্রায় সাড়ে ৪টা পর্যন্ত অধাঘন্টা সময় ধরে তাণ্ডবকালে তারা অর্ধশতাধিক গাড়ি, ২০টি দোকান ও কমিউনিটি সেন্টার ভাংচুর করে।
এসময় পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে হালিশহর ও ডবলমুরিং থানায় পৃথক দুটি মামলা দায়ের করে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার মিছিলকারীরা ভাংচুর চালিয়ে বিভিন্ন স্থানে গা ঢাকা দেয়। এর প্রেক্ষিতে সারারাত অভিযান চালিয়ে ১০১ জনকে আটক করা হয়।
তিনি জানান, ১০১ জন থেকে যাচাই বাছাই শেষে ঘটনার সঙ্গে যুক্তদের দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
এছাড়া গ্রেপ্তারকৃতদের সোমবার বিকালে চট্টগ্রাম আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হতে পারে বলে ডবলমুরিং থানা পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১৩০৭ ঘ.
bdnews24