২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএমএমইউ: 'অনিয়ম' তদন্তে বিচার বিভাগীয় কমিশন চায় ড্যাব

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) 'অনিয়ম' তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির আচার্যের কাছে দাবি জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 03:41 PM

Updated : 25 Aug 2022, 01:16 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) 'অনিয়ম' তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির আচার্যের কাছে দাবি জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সেইসঙ্গে ৪৭ শিক্ষক-চিকিৎসক-কর্মকর্তার চাকুরিচ্যুতির সিদ্ধান্তকে 'চাকুরিবিধি বহির্ভূত' অভিহিত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানানো হয়। রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের এসব দাবি জানান ড্যাবের মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট চার দলীয় জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া ৪৭ জন শিক্ষক-চিকিৎসক-কর্মকর্তাকে চাকরিচ্যুত করে। ড্যাব মহাসচিব বলেন, ''বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন অভিজ্ঞ, দক্ষ ও মেধাবী চিকিৎসক-শিক্ষককে নিয়মবহির্ভূতভাবে চাকুরিচ্যুত করে প্রতিষ্ঠানটির চিকিৎসা শিক্ষার গণ্ডিকে সংকুচিত করছে। এভাবে চাকরিচ্যুতি অবৈধ, অনৈতিক, রাজনৈতিক প্রতিহিংসামূলক ও হঠকারী সিদ্ধান্ত।" ড্যাব মনে করে বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজের 'দখলদারিত্ব নিরঙ্কুশ করতেই' আদালতে এ বিষয়ে মামলা থাকা সত্ত্বেও ৪৭ জনকে চাকরিচ্যুত করতে কারণ দর্শানো নৌটিশ দিয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে চাকরি পাওয়া চিকিৎসকরা বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধি অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ পেয়েছেন বলে দাবি করেন জাহিদ হোসেন। তিনি বলেন, "এভাবে চাকরিচ্যুত করার ফলে সর্বোচ্চ এই চিকিৎসাসেবা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানটির ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। প্রতিষ্ঠানটিকে অভিজ্ঞ চিকিৎসকমুক্ত করে পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এতে চিকিৎসা প্রশিক্ষণ ও শিক্ষার ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে আমরা মনে করি।'' ড্যাব মহাসচিব দাবি করেন যে, কথিত অনিয়ম তদন্তে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় অধ্যাপক নজরুল ইসলামের নেতৃত্বে গঠিত কমিটি ছিলো বির্তকিত ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুমোদনের বাইরে। তিনি ২৭ জুন হরতাল কর্মসূচি পালনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কুদ্দুছ, অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক মাজারুল ইসলাম দোলন, ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম ও মেডিকেল অফিসার আব্দুস সালামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মামলা দায়েরের নিন্দা জানিয়ে তা অবিলম্বে প্রত্যাহারেরও দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে ড্যাব সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল ইসলাম, অধ্যাপক এম মবিন খান, অধ্যাপক বায়েস ভূঁইয়া, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক আবদুল মান্নান, অধ্যাপক রফি আল কবির, ডা. আবদুস সালাম, রফিকুল ইসলাম বাচ্চু প্রমূখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১২৮ঘ.