চট্টগ্রাম, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য সমাপ্ত অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কাস্টমসের একজন কর্মকর্তা জানান, ২০০৯-১০ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার ৬৯৫ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ১৬ হাজার ৮০৩ কোটি টাকা।
এটি নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১০৮ কোটি টাকা বেশি এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর খাতের সমন্বিত রাজস্ব লক্ষ্যমাত্রার প্রায় সাড়ে ২৭ শতাংশ।
চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার (আমদানি) মোহাম্মদ ফাইজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমদানি পণ্যের সঠিক শুল্ক মূল্যায়ন, কার্যকর টিম ওয়ার্ক ও পর্যাপ্ত গোয়েন্দা নজরদারির কারণে সদ্য সমাপ্ত অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় করা গেছে।
গত অর্থবছরে বকেয়া থাকা অনেক রাজস্বও এবার আদায় করা হয়েছে বলেও তিনি জানান।
কাস্টমস কর্মকর্তা ফাইজুর জানান, ২০০৯-১০ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের সকল কর খাতের সমন্বিত লক্ষ্যমাত্রা ছিল ৬১ হাজার কোটি টাকা। সে হিসেবে বোর্ডের মোট লক্ষ্যমাত্রার সাড়ে ২৭ শতাংশ চট্টগ্রাম কাস্টমস এককভাবে আদায় করেছে।
স্বাধীনতার পর থেকে চট্টগ্রাম কাস্টমস এ নিয়ে ষষ্ঠবারের মতো রাজস্ব আদায়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করেছে বলে ফাইজুর রহমান জানান।
২০০৮-০৯ অর্থবছরের চেয়ে গেল অর্থবছরে চট্টগ্রাম কাস্টমসের মোট রাজস্ব আদায় বেড়েছে এক হাজার ৮৪১ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/জিএনএ/২১৫৫ ঘ.
bdnews24