২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভটিজিং রোধে আইন সংশোধন হবে: আইনমন্ত্রী

মেয়েদের উত্ত্যক্তকরণ (ইভটিজিং) রোধে এ সংক্রান্ত প্রচলিত আইন সংশোধন করবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2010, 02:32 PM

Updated : 25 Aug 2022, 01:13 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়েদের উত্ত্যক্তকরণ (ইভটিজিং) রোধে এ সংক্রান্ত প্রচলিত আইন সংশোধন করবে সরকার। শনিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে এক কর্মশালায় আইনমন্ত্রী শফিক আহমেদ এ তথ্য জানান। শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ খসড়া আইন ২০১০, ইভটিজিং তথা যৌন হয়রানি সংক্রান্ত প্রচলিত আইনের সংশোধন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর সংশোধন নিয়ে এই কর্মশালা যৌথভাবে আয়োজন করে আইন কমিশন এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। আইনমন্ত্রী বলেন, উত্ত্যক্তকরণ তথা যৌন হয়রানি প্রতিরোধে প্রচলিত আইন সংশোধন করা হবে। ইভটিজিংয়ের প্রবণতা বাড়ার কারণ অনুসন্ধানে সামাজিক গবেষণার উপর গুরুত্বারোপ করেন তিনি। যুব সমাজকে অন্যায় কাজ থেকে দূরে রাখতে পাড়া, মহল্লা, শহর ও গ্রামে-গঞ্জে খেলাধুলা, বিনোদন ও সংস্কৃতি চর্চার সুযোগ সৃষ্টির পাশাপাশি পাঠাগার গড়ে তোলার আহ্বান জানান তিনি। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইভটিজিং শব্দটি বহুল প্রচারিত হলেও এর সংজ্ঞা কোনো আইনে নেই। এই শব্দ দ্বারা মহিলাদের উত্ত্যক্ত করা বোঝায়, যা যৌন হয়রানির পর্যায়ে পড়ে। তিনি বলেন, দেশের প্রচলিত আইনের মধ্যে দণ্ডবিধির ৫০৯ ধারা, ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ৭৬ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১০ ধারায় যৌন হয়রানিমূলক কর্মকাণ্ড শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য হয়েছে। এই ধরনের অপরাধের ব্যাপকতার কারণে যৌন হয়রানি সংক্রান্ত প্রচলিত আইনের সংস্কারের বিষয়টি জরুরি হয়ে পড়েছে বলে সালমা আলী জানান। এই পরিপ্রেক্ষিতে কর্মশালায় দণ্ডবিধির ৫০৯ ধারা সংশোধনের জন্য কিছু সুপারিশের উপর আলোচনা হয়। এর মধ্যে রয়েছে যৌন হয়রানির সংজ্ঞা নির্ধারণ, অপরাধের শাস্তি, অপরাধ সংঘটনের স্থান ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/ডিডি/২০২৩ ঘ.