দিনাজপুর, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনজপুরের শনিবার বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশি শ্রমিকদের বৈঠকে কোনো সমঝোতা হয়নি।
ফলে খনি অভ্যন্তরে বাংলাদেশি শ্রমিকদের প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।
এ কারণে বাংলাদেশি শ্রমিকরা তাদের বিক্ষোভ সমাবেশ অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
রোববার তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কথাও জানায়।
বৃহস্পতিবার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড ( বিসিএমসিএল) কর্তৃপক্ষ খনির ভেতর বাংলাদেশি শ্রমিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে।
এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেলে শনিবার বিকাল ৩টায় কর্তৃপক্ষের সঙ্গে তাদের বৈঠকের সিদ্ধান্ত হয়।
বড়পুকুরিয়া কয়লা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৩টায় শুরু হয়ে ৫টা পর্যন্ত বৈঠক চলে। এখানে তাদের দাবি ছিল কয়লা উত্তোলন শুরু না হওয়া পর্যন্ত বর্তমান বেতনের ৮০ ভাগ দিতে হবে এবং তাদের খনি এলাকায় প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে হাজিরা খাতায় স্বাক্ষরের নিশ্চয়তা দিতে হবে।
কিন্তু কর্তৃপক্ষ বেতনের ৫০ ভাগ দেওয়া ছাড়া আর কোনো দাবি না মানায় আলোচনা ভেঙে গেছে। রোববার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এ ছাড়া খনি গেটে বিক্ষোভ সমাবেশ অব্যাহত থাকবে।
এ ব্যাপারে বিসিএমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়লা উত্তোলন শুরু না হওয়া পর্যন্ত শ্রমিকদের ৫০ ভাগ বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
এখন খনিতে শ্রমিকদের কোনো কাজ না থাকায় নিরাপত্তার স্বার্থে তাদের খনিতে প্রবেশ এবং হাজিরা খাতায় স্বাক্ষর করার দাবি মানা সম্ভব নয়।
গত ১১ মে খনিতে দুর্ঘটনায় একজন বাংলাদেশি শ্রমিক নিহত হন এবং একজন চায়না শ্রমিকসহ ২০ জন শ্রমিক আহত হন। এরপর খনির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান জানান, বিদেশি কনসালটেন্টরা দুর্ঘটনার কারণ পরীক্ষা-নিরীক্ষা করছেন। তাই এখন কয়লা উত্তোলন বন্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩১ ঘ.
bdnews24