ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পত্রিকায় যা লেখা হয় তা বানোয়াটও হতে পারে বলে মন্তব্য করেছেন মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক।
তিনি বলেন, "পুলিশ কাউকে ধরলেই সে ভালো হয়ে যায়।"
চলতি সপ্তাহে রাজধানীতে পুলিশ হেফাজতে তিনজনের মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে শনিবার বিকালে ডিএমপি সদর দপ্তরে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।
বৃহস্পতিবার রাজধানীর দারুস সালাম থেকে ছেলের সামনেই মজিবর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে মাদক ব্যবসার সঙ্গে জাড়িত অভিযোগে আটক করে পুলিশ। পরদিন তার লাশ তুরাগ নদীতে পাওয়া যায়।
এর আগে বুধবার গুলশানের বাসা থেকে ব্যবসায়ী মিজানুর রহমানকে (৪২) আটক করে পুলিশ।
পরিবারের অভিযোগ, থানা হেফাজতে দুইদিন রাখার পর ঘুষ না দেওয়ায় পুলিশ তাকে হত্যা করেছে। অন্যদিকে ছিনতাইকালে পুলিশের হাতে তিনি নিহত হন বলে দাবি করেছে গুলশান থানা পুলিশ।
এছাড়া সোমবার রমনা থানা হেফাজতে অটোরিকসা চালক বাবুল গাজী (৪০) নিহত হন।
তার স্ত্রী সুভা আক্তার অভিযোগ করেন, ঘুষ না পেয়ে থানার এক এসআই তাকে পিটিয়ে মেরেছেন।
এর আগে ৯ মার্চ রমনা থানায় গাড়ি চুরির মামলায় আটক জাকির হোসেন (৪৫) মারা যান।
এসব ঘটনায় এখনো কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
পুলিশ কমিশনার বলেন, "এ তিনটি ঘটনাই বিছিন্ন। তবে এতে পুলিশের কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটি তদন্ত করে দেখা হবে।"
তিনি বলেন, "এটি খতিয়ে দেখতে একজন যুগ্ম কমিশনার, একজন উপ-কমিশনার ও একজন অতিরিক্ত উপকমিশনারকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।"
"তদন্ত কমিটি দশদিনের মধ্যে রিপোর্ট দেবে। সেখানে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা বা তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।"
পুলিশ সদস্যরাই ধরে নিয়ে হত্যা করেছে- নিহতদের পরিবারের সদস্যদের এ ধরনের অভিযোগ প্রসঙ্গে কমিশনার বলেন, "সব সময়ে যা অভিযোগ করা হয় তা ঠিক হয় না।"
সব কটি ঘটনাতেই থানার উপ-পরিদর্শকদের (এসআই) বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এতে পুলিশের নিয়ন্ত্রণ ব্যবস্থায় কোন সমস্যা হচ্ছে কিনা জানতে চাইলে কমিশনার বলেন, "যে এসআইদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, তারা নিজেরা এসব ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। হয়তো ওসিরা এ বিষয়ে কিছুই জানেন না। তদন্ত রির্পোট পেলেই সব জানা যাবে।"
ঘটনা তদন্তে তিন কমিটির সদস্যরা
মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. ওয়ালিদ হোসেন জানিয়েছেন, মিরপুরের ঘটনায় যুগ্মকমিশনার (অপারেশন) মো. হুমায়ুন কবিরকে সভাপতি, উপ-কমিশনার (মিরপুর) সেলিম মো. জাহাঙ্গীর ও সহকারি কমিশনার (মিরপুর) আ স ম মাহতাবউদ্দিনকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়েছে।
গুলশানের ঘটনা তদন্তে যুগ্ম কমিশনার (সদর দপ্তর) মঞ্জুর কাদের খানকে সভাপতি, উপ-কমিশনার (গুলশান) এ কে এম হাফিজ আক্তার ও সহকারি কমিশনার (বিমানবন্দর) এ এস এ নেওয়াজীকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়েছে।
রমনার ঘটনা তদন্তে অতিরিক্ত উপ-কমিশনার (রমনা) সৈয়দ নুরুল ইসলামকে সভাপতি ও সহকারি কমিশনার (রমনা) মোনালিসা বেগমকে সদস্য করে অপর একটি কমিটি গঠন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমইউএস/কেএমএস/১৭১৯ ঘ.
bdnews24