খাগড়াছড়ি, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৈশ প্রহরীকে অজ্ঞান করে বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি জনতা ব্যাংক থেকে ২৩ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
নৈশ প্রহরী মিলন আহমেদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানা পুলিশ আটক করেছে।
ব্যাংকের ব্যবস্থাপক সাইফুল চৌধুরী জানান, বৃহস্পতিবার বিকালে তিনি লেনদেন শেষে বাসায় চলে যান। পরদিন সকালে টাকা লুটের কথা শোনেন।
সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সদর সার্কেল) মো. মাকছেদুর রহমান বলেন, ২৩ লাখ টাকা লুট হয়েছে বলে জানা গেছে।
নৈশ প্রহরীকে সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে অজ্ঞান করে কিভাবে টাকা নিয়ে গেল তা খতিয়ে দেখা হবে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.
bdnews24