সিরাজগঞ্জ, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনার ডানতীর সংলগ্ন এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে।
শুক্রবার বিকেলে তীররক্ষা বাঁধের মেঘাই-৩ নম্বর স্পার আবারো ধসে যায়। এ নিয়ে স্পারটিতে চারবার ভাঙ্গন হয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, পানি বাড়ায় স্পারের নিচে প্রবল ঘূর্ণাবর্ত ও স্রোতের সৃষ্টি হয়েছে। এ কারণে স্পারের মাটির অংশের প্রায় ১২০ ফুট যমুনায় বিলীন হয়ে গেছে।
পাউবো'র নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা সাংবাদিকদের বলেন, কাজিপুর অঞ্চলে যেসব স্পার রয়েছে তার বেশিরভাগই বর্তমানে ঝুঁকির মধ্যে আছে। যমুনার গতিবিধি কখন কি হয় তা আগে থেকে অনুমান করা দুষ্কর।
তিনি জানান, হঠাৎ পানি বেড়ে যাওয়ায় এ ধরনের ধসের সৃষ্টি হয়েছে। যেটুকু অক্ষত আছে তাতে বালির বস্তা ও ব্লক ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা চলছে।
স্পারের ভাঙ্গনে বাঁধ হুমকির মুখে পড়ার আশঙ্কা করছে আশপাশের পটল, খুদবান্দি, মুসলিমপাড়া, সিংড়াবাড়ি ও কাজিপুর পৌর এলাকার লোকজন।
গত ২১ ও ২৮ এপ্রিল ও ২০ মে একই স্থানে পর পর তিনবার ভাঙ্গন দেখা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৯ ঘ.
bdnews24