২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দেশের রাজনীতি আত্মঘাতী হয়ে উঠছে'

দেশের রাজনীতি আত্মঘাতী হয়ে উঠছে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2010, 08:13 AM

Updated : 25 Aug 2022, 01:11 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের রাজনীতি আত্মঘাতী হয়ে উঠছে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন, "রাজনীতিবিদদের বিশ্বাসযোগ্যতার পারদ নিচে নেমে আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে বিভাজন ও রক্তক্ষরণের রাজনীতি বাড়ছে।" ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'সুস্থ রাজনীতি সঠিক নেতৃত্ব ও বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমী। প্রধান অতিথির বক্তব্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের গত ২৭ জুনের হরতাল নিয়ে সরকার ও বিরোধী দলের কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন, "২৭ জুনের হরতাল নিয়ে দুই ধরনের বাড়াবাড়ি হয়েছে। প্রথমত, বিএনপি নেতা মির্জা আব্বাস এবং সাংসদ এ্যানির উপর হামলা। "দ্বিতীয়ত, ফারুককে আগুনে পুড়িয়ে মারা এবং গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী কাশেমকে মারাত্মকভাবে আহত করা। এর দায় সরকার এবং বিরোধী দল কেউই এড়াতে পারবে না।" এ সময় তিনি জানান, উভয় ঘটনা তদন্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলের প্রসঙ্গ তুলে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, "এভাবে হরতাল ও নৈরাজ্য চলতে দেওয়ার মাধ্যমে আমরা কি আবারও দুঃশাসন ও অন্ধকারকে ডেকে আনছি না? ১/১১ থেকে আমরা কি কোনো শিক্ষা নিতে পারিনি?" হরতাল করে সরকার পতন সম্ভব নয়-এ কথা উল্লেখ করে তিনি বলেন, "হরতালের পরিবর্তে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দাবি-দাওয়া পূরণে বিরোধী দলীয় নেতা সংসদে এসে সব কথা বললে সেটিই ভালো হতো। কিন্তু তা না করে তিনি হরতালের নামে জ্বালাও-পোড়াও রাজনীতি বেছে নিয়েছেন।" সংসদের বাইরে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বাজেট উপস্থাপনের প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, "এর মাধ্যমে কি তিনি সমান্তরাল সরকার চালাতে চাচ্ছেন?" দেশের উন্নয়নে রাজনৈতিক নেতাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, "সরকারি ও প্রধান বিরোধী দলের নেতারা বদলালে তাদের দেখে কর্মীরা বদলাবে, কর্মীদের দেখে জনগণ এবং জনগণ বদলালে দেশের উন্নয়ন হবে।" অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ এবং তথ্য সম্পাদক আফজাল হোসেন বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এজে/কেএমএস/১৪০৬ ঘ.