নারায়ণগঞ্জ, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কারখানা বন্ধের প্রতিবাদে নারায়ণগঞ্জের কাচপুর এলাকায় পোশাক শ্রমিকরা মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করেছে।
এ সময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে এক শ্রমিককে।
বৃহস্পতিবার সকালে সোনারগাঁও উপজেলার কাচপুরের নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও শ্রমিকরা জানিয়েছে।
সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত অবরোধের কারণে ঢাকা-চটগ্রাম মহাসড়েক তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, নয়াবাড়ি এলাকার অনন্ত ড্যানিম টেকনোলজি নামের পোশাক কারখানায় প্রায় ৩ হাজার শ্রমিক কাজ করে। বন্ধের দিন আট ঘণ্টা কাজ করলে দ্বিগুণ মজুরি ও বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে তারা আন্দোলন করে আসছিলো।
সোমবার কর্মরত কয়েকজন শ্রমিককে মালিকপক্ষের লোকজন মারধর করলে তাদের সহকর্মীরা কারখানার মূল ফটকে তালা দিয়ে কারখানায় ভাংচুর করে।
বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে উঠে। এ সময় তারা কারখানার সমানে বিক্ষোভ শুরু করে।
এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে ৭/৮টি যানবাহন ভাংচুর করে।
মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আছেন- শ্রমিক শিশির, স্বর্ণালী, শান্তা, রবিউল, নারগিস, হোসনা, সোহেল, তাজমিন, ফাতেমা।
এ সময় পুলিশ রবিউল নামের এক শ্রমিককে আটক করে।
শ্রমিকরা আনোয়ার হোসেন, জামাল ও রায়হান জানান, সকালে কাজে যোগ দিতে এসে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান তারা। পরে কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়ে তারা ভিতরে প্রবেশে করতে চাইলে বাধা দেওয়া হয়।
তারা অভিযোগ করেন, পুলিশের সঙ্গে মালিকপক্ষের লোকজন শ্রমিকদের ওপর হামলা চালায়।
অনন্ত ড্যানিম কারখানার ব্যবস্থাপক মোহাম্মদ শরিফ দাবি করেন, শ্রমিকদের বেশকিছু দাবি মেনে নেওয়া হয়েছে। সোমবারের ভাংচুরে যন্ত্রপাতিসহ আসবাবের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় কারখানা কাজের অনুপযোগী হয়ে পড়েছে।
তিনি দাবি কনে, মেরামত কাজের জন্যই অনির্দিষ্টকাল কারখানা বন্ধ ঘোষণার নোটিশ দেওয়া হয়েছে। শ্রমিকদের বকেয়া পাওনা আগামী ৫ জুলাই পরিশোধ করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
হামলার অভিযোগ অস্বীকার করে ব্যবস্থাপক বলেন, শ্রমিকরা জোর করে কারখানায় প্রবেশ করতে চাইলে উত্তেজনা সৃষ্টি হয়।
সোনারগাঁ থানার ওসি মো. ইউনুছ আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। ভাংচুরের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একজনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৫ ঘ.
bdnews24